মৎস্যজীবী দলের নেতাকে কুপিয়ে জখম
বগুড়ার দুপচাঁচিয়ায় মৎস্যজীবী দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তির নাম সোহেল রানা। তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পৌর কমিটির সভাপতি। তিনি পৌর এলাকার তেমাথার হবিবর রহমানের
ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোহেল রানা রোববার রাতে উপজেলার মেইল বাসস্ট্যান্ডে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তাঁর পরিচিত কয়েকজন তাঁকে ডেকে জাহানারা কামরুজ্জামান (জেকে) কলেজ মাঠে নিয়ে যায়। এর কিছু সময় পরই সোহেলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। তাঁকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বগুড়া এবং পরে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
হবিবর রহমান মুঠোফোনে বলেন, সোহেল উপজেলার পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করত। কয়েক দিন আগে একটি পুকুর ইজারা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ বাধে। এ মুহূর্তে ঢাকায় তার চিকিৎসা চলছে। সে আশঙ্কামুক্ত হলেই মামলা করা হবে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।