মৎস্যজীবী সমিতির বরফকলবেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ভবনের বারান্দায় প্রতিদিন বরফ বেচাকেনা হতো, তা এখন ছাগল রাখার ঘর। যে মেশিন দিয়ে টন-কে-টন বরফ তৈরি করা হতো, তা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে। বিদ্যুৎ না থাকায় বারো বছরে এক দিনও মেশিন চালানো হয়নি। কোটি টাকা মূল্যের মেশিন রাখার ঘর মাকড়সার দখলে। আর যে খালি জায়গায় দাঁড়িয়ে জেলেরা আড্ডা দিতেন, তা এখন খেলার মাঠ।

রাজধানীর কেরানীগঞ্জের বুড়িগঙ্গাতীরের চর মীরেরবাগ এলাকায় প্রায় এক বিঘা জমির ওপর বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতির বরফকল ঘুরে দেখা গেছে এই চিত্র।

বরফকলের অপারেটর যাদব চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেন, প্রতিযোগিতায় টিকতে না পারায় এক যুগ আগে বন্ধ হয়েছে এই বরফকলের উৎপাদন। বিদ্যুতের বিল বকেয়া থাকায় তখন লাইন কেটে দেওয়া হয়। এরপর আর কোনো দিন বিদ্যুৎ নেওয়া হয়নি। বিদ্যুৎ না থাকায় মেশিনও আর চালু করা যায়নি। এতে করে কোটি টাকা দামের যন্ত্রপাতি নষ্ট হতে চলেছে।

সমবায় অধিদপ্তর সূত্র বলছে, ৩০ থেকে ৩৫ বছর আগে বরফকলটি চালু করে মৎস্যজীবী সমবায় সমিতি। ক্রমাগত লোকসানের মুখে ২০০৫ সালে বরফকলের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর সমবায় সমিতি কিংবা সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে বরফকলটি চালু করা কিংবা মেশিন বিক্রিরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির চেয়ারম্যান মাসুক নাজিম প্রথম আলোকে বলেন, বরফকলটি সমবায় সমিতির সম্পত্তি হলেও সমবায় অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো কিছুই তিনি করতে পারবেন না। বরফকলটির অবস্থান এমন জায়গায় যে যোগাযোগ খুব খারাপ। ফলে বেচাকেনা কম। বরফ তৈরির খরচও উঠত না।

বরফকলের তিনটি ভবন রয়েছে। ভবনগুলোর পলেস্তারা খসে পড়ছে। যে ঘরে বরফ তৈরির মেশিন রাখা, তার দেয়ালে ফাটল দেখা গেছে। ভবনের সামনের অংশ দখল করে সেখানে তৈরি করা হয়েছে দোকানঘর। ভবনের এক অংশে পরিবার নিয়ে থাকেন বরফকলের অপারেটর যাদব চন্দ্র বর্মণ।

সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (সমিতি) ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বরফকলের মালিক জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি। সমিতির টাকায় ভবন নির্মাণ বা বরফ তৈরির যন্ত্রপাতি কেনা হয়। এখন সমিতির নেতাদের সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা বরফকলটি আবার চালু করবেন, নাকি বরফ তৈরির যন্ত্রপাতি বিক্রি করে দেবেন।

সমবায় সমিতির বরফকলের বিষয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সমবায় সমিতির এই বরফকলের ব্যাপারে তাঁকে কেউ কিছু জানায়নি। তিনি বলেন, ‘খুব শিগগির বরফকলটি দেখতে যাব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এভাবে সমবায় সমিতির সম্পত্তি নষ্ট হতে দেব না।’