মৎস্যজীবী সাজলেন কৃষক ও দিনমজুরেরা!
বিল ইজারা নিতে অন্য পেশার লোকজনকে মৎস্যজীবী সাজিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে মহিদপুর মাঝপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতি গঠন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছরের ২৮ ডিসেম্বর জেলা সমবায় কার্যালয় ওই সমিতির নামে নিবন্ধন নেওয়া হয়েছে।ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় ও এলাকাবাসীর ভাষ্যমতে, নবগঠিত মহিদপুর মাঝপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০ সদস্যের কেউ মৎস্যজীবী নন। তাঁরা কৃষি ও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ভোটার তালিকায় সমিতির সব সদস্যের পেশা কৃষক উল্লেখ করা হয়েছে।ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিরুল ইসলাম বলেন, এই সমিতির কোনো সদস্যই মৎস্যজীবী নন। মাঝপাড়া গ্রামের ফরমান আলী বলেন, তাঁদের গ্রামে কোনো মৎস্যজীবী নেই। গ্রামের সবাই কৃষিকাজ করেন।মহিদপুর মাঝপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আবদুস সুবহান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তিনি বিদেশে ছিলেন। দেশে আসার পর কৃষিকাজ করেন। মৎস্যজীবী সেজে সমিতি গঠন প্রসঙ্গে তিনি বলেন, বাড়ির কাছে বিল আছে। বিল ইজারা আনতে সমিতির প্রয়োজন। তাই তাঁরা সমিতি গঠন করেছেন। উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মো. মহবুবুর রহমান বলেন, মৎস্য কর্মকর্তা প্রত্যয়নপত্র দেওয়ায় সমিতির নিবন্ধন করা হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে একাধিবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।