মৎস্যজীবী সেজে পুকুর ইজারা নিলেন সরকারদলীয় নেতারা
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি ১৫টি পুকুর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা মৎস্যজীবী সেজে কম দামে ইজারা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, পুকুর ইজারা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করার পর ওই নেতারা মৎস্যজীবীদের দরপত্রে অংশ নিতেও বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৎস্যজীবীদের অভিযোগ, আগৈলঝাড়া উপজেলার ১৮টি সরকারি পুকুর ও দীঘি ইজারা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৮ মার্চ প্রথম ও ৪ এপ্রিল দ্বিতীয়বার দরপত্র আহ্বান করেন। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা কাউকে দরপত্র ফরম ক্রয় করতে দেননি। ইউএনওর কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, প্রথম দুইবারে দরপত্রে কেউ অংশ নিতে না পারায় ১১ এপ্রিল তৃতীয়বার দরপত্র আহ্বান করা হয়। মৎস্যজীবী নারায়ণ দাস ও সমীরণ হালদার অভিযোগ করেন, তিনবার দরপত্র আহ্বান করা হলেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা তাঁদের দরপত্র ফরম কিনতে দেয়নি। আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ সেরনিয়াবাদ, আওয়ামী লীগ নেতা আবু তালেব, মো. নূরুল ইসলাম, আবুল হাসান, নান্না মল্লিক, রিপন অধিকারী, খোকন অধিকারীসহ স্থানীয় নেতারা প্রতিটি পুকুরের অনুকূলে একটি করে দরপত্র জমা দেন। ওই নেতারা ইজারার সরকারি নীতিমালা পূরণ করে বাংলা ১৪১৭ সালের পয়লা বৈশাখ থেকে তিন বছরের জন্য ১৫টি পুকুর নামমাত্র মূল্যে এক লাখ ৯৮ হাজার ৯৫০ হাজার টাকায় ইজারা নেন। পরে পুকুরগুলো ওই নেতারা বেশি দামে মৎস্যজীবীদের কাছে বিক্রি করে দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ সেরনিয়াবাদ বলেন, ‘আমি পুকুর ইজারা নেওয়ার কোনো দরপত্রের প্রক্রিয়ার সঙ্গে জড়িত নই।’আওয়ামী লীগ নেতা রিপন অধিকারী, মো. নূরুল ইসলাম, নান্না মল্লিকসহ অন্যরা পুকুর ইজারা নিয়ে বেশি দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা পুকুর ইজারা কমিটির সদস্য মো. আবুল কালাম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে মৎস্যজীবী হিসেবে সনদ নিয়ে এবং সমিতি বানিয়ে পুকুর ইজারা নিলেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই নেতারা কেউই মৎস্যজীবী নন। উপজেলা সমবায় কর্মকর্তা এস এম হারুন অর রশিদ বলেন, ‘এ উপজেলায় আমি যোগদানের আগেই তাঁরা মৎস্যজীবী হিসেবে নিবন্ধন নেন।’ উপজেলা পুকুর ইজারা কমিটির সভাপতি ও ইউএনও দীপঙ্কর বিশ্বাস জানান, নামমাত্র মূল্যে ইজারা দেওয়ার অভিযোগের সত্যতা নেই। কারণ সম্ভাব্য মূল্য না আসায় তিনবার দরপত্র আহ্বান করে পুকুরগুলো ইজারা দেওয়া হয়েছে।