মৎস্যজীবীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলায় খাস পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে আলাউদ্দিন আলী (৭০) নামের এক মৎস্যজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পিপরুল ইউনিয়নের পিপরুল কালিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলাউদ্দিন আলী স্থানীয় একটি খাস পুকুর ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। বছরখানেক আগে একই গ্রামের সেলিম হোসেন ওই পুকুরটি সরকারের কাছ থেকে ইজারা নেন বলে দাবি করেন। কিন্তু তিনি পুকুরের দখল নিতে পারেন না। এ নিয়ে গ্রামবাসী বিভক্ত হয়ে পড়ে। শুক্রবার সেলিম হোসেন ও তাঁর দলবল ওই পুকুরে মাছ ধরার ঘোষণা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নায়িরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলাউদ্দিন আলী পিপরুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেলিম হোসেনের বাড়ির সামনে পৌঁছালে সেলিম ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁকে উদ্ধার করতে এলে একই গ্রামের রাকিব হোসেন ও মাসুদ হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল শনিবার ভোরে আলাউদ্দিন মারা যান।