মৎস্যজীবীকে চুবিয়ে হত্যা!
কোড় (জমিতে গর্ত করে মাছ চাষ) দখলকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আবুল হোসেন (৫০) নামের এক মৎস্যজীবীকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ধানকুনিয়া হাওরসংলগ্ন একটি কোড়ে এ ঘটনা ঘটে।আবুল হোসেনের বাড়ি ওই ইউনিয়নের মাহমুদনগর গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেন, রোসেল ও রিপন মিয়া নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।আবুল হোসেনের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে আবুল হোসেন ধানকুনিয়া হাওরসংলগ্ন নিজস্ব জমিতে কোড় তৈরি করে মাছ চাষ করে আসছিলেন। কিছুদিন ধরে পার্শ্ববর্তী নাইন্দা বাইন্দা জলমহালের ইজারাদার আবদুল লতিফ কোড়টি দখলের পাঁয়তারা করছিলেন। এরই জের ধরে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ৩০-৩৫ জন লোক নিয়ে আবদুল লতিফ ওই কোড় দখল করতে যান। এ সময় বাধা দিলে আবদুল লতিফের লোকজন আবুল হোসেনকে মারধর করে। পরে তারা তাঁকে ওই কোড়ের পানিতে চোবাতে থাকে। একপর্যায়ে আবুল হোসেন জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তাঁর ছেলে রানা মিয়া চিৎকার শুরু করলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে সাদ্দাম হোসেন, রোসেল ও রিপন মিয়াকে আটক করে। পরে তারা অজ্ঞান অবস্থায় ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আটক ব্যক্তিদের পরে ধরমপাশা থানায় সোপর্দ করে এলাকাবাসী।আবুল হোসেনের বড় ছেলে রানা মিয়া অভিযোগ করেন, ‘কোড়টি দখলের লোভ সামলাতে না পেরেই আবদুল লতিফের নেতৃত্বে তাঁর লোকজন আমার বাবাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।’অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা আবদুল লতিফ বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।