মৎস্যজীবীদের ঘরে খাবার নেই, গবেষকেরা বিপাকে
‘ভাত বেগর (অভাবে) বুকের দুধ শুকায়ে যাচ্ছে। কুলের ছাওয়াল কাইন্দে মইর্যা যাচ্ছে। এই বিলের শিঙ্গাড়া (পানিফল-গোত্রীয়), নিকাড় (মাখনা), পদ্ম আর মাছ আমরারে বাঁচাইয়্যা রাইখছে। এখন খোলশুন (মাছ ধরার ফাঁদ) তুলে ফেলে দিচ্ছে, জাল পুড়ায়ে দিচ্ছে, নৌকা ভাইঙ্গে দিচ্ছে। বিলে নামতে দিচ্ছে না৷’ নিজের এমন দুর্দশার কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন মাজেদা বিবি।
গবেষণার কাজে ব্যবহৃত জলজ উদ্ভিদ ও দেিশ মাছ উত্তরাঞ্চলের এই বিল ছাড়া আর কোথাও নেই। বিলটি এবার ইজারা দেওয়া হয়েছে। তাও মৎস্যজীবী নন, ইজারাদার একজন অমৎস্যজীবী। গবেষকদের আশঙ্কা, ইজারাদার বিলের জলজ সম্পদ ধ্বংস করে ফেলবেন।
বিলটির নাম আন্ধাসুরা। নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের এই বিলের পানি শুকায় না। দেিশ মাছ, পাখি ও দুর্লভ জলজ উদ্ভিদে সমৃদ্ধ ২০০ একরের বেশি আয়তনের বিলটি এবার ইজারা দেওয়া হয়েছে।
স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, একটি সমিতির কাগজ ব্যবহার করে অন্য উপজেলার এক ব্যক্তি বিলটি ইজারা নিয়েছেন। এখন ১৩ গ্রামের ভূমিহীন মৎস্যজীবীরা এই বিলে আর নামতে পারছেন না। গত শুক্রবার কয়েক শ মৎস্যজীবী পরিবারের সদস্যরা বিলের ধারে এসে বিক্ষোভ করেন। তাঁদের কথা, ‘হয় বিল দাও, না হয় বিষ দাও’।
শিব নদের সঙ্গে বাঁধ দিয়ে আন্ধাসুরা বিলটিকে আলাদা করা হয়েছে। এই বিলের আশপাশের গ্রামগুলোর ভূমিহীন মৎস্যজীবীরা মাছ ও জলজ উদ্ভিদ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। এই মৎস্যজীবীদের একটি সমিতিও রয়েছে। ১৯৭১ সালে নিবন্ধিত । নাম ভাঁরশো ইউপি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের গবেষণা দলের শিক্ষার্থীদের গবেষণাকাজে এই বিলে যেতে হয়। এই বিভাগের শিক্ষক অধ্যাপক সাবরিনা নাজ বলেন, দেশের উত্তরাঞ্চলে এই বিলের মতো দুর্লভ জলজ উদ্ভিদ আর কোথাও নেই। এই বিলে যে মাখনা পাওয়া যায়, তা প্রচুর পরিমাণে আমিষ ও ভিটামিনসমৃদ্ধ। ইজারাদার মাছ চাষের প্রয়োজনে এই জলজ উদ্ভিদগুলো ধ্বংস করে ফেলবেন। সেই সঙ্গে দেিশ মাছগুলোও বিলুপ্ত হয়ে যাবে; যা হবে পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
সম্প্রতি ‘বিল উৎরাইল মৎস্যজীবী সমবায় সমিতি’-এর নামে বিলটি ইজারা দেওয়া হয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, এই সমিতির কাগজপত্র ব্যবহার করে পাশের মহাদেবপুর উপজেলার আলতাজ আলী নামের এক প্রভাবশালী ব্যক্তি বিলটি ইজারা নিয়েছেন। কয়েক দিন ধরে ইজারাদারের লোকেরা স্থানীয় মৎস্যজীবীদের আর বিলে নামতে দিচ্ছেন না।
এদিকে ভাঁরশো ইউপি মৎস্যজীবী সমবায় সমিতি লিিমটেডের সাধারণ সম্পাদক এরশাদ আলী বলেন, ‘কবে, কীভাবে বিল ইজারা হলো, কিছুই জানতে পারলাম না।’ সরকার ইজারা দিলে তাঁরাও সমিতির পক্ষ থেকে নিতে পারেন।
ভাঁরশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শারিকুল ইসলাম বলেন, বিল ইজারা দেওয়ায় জমিতে সেচকাজ ব্যাহত হবে। ভূমিহীন মৎস্যজীবীরা না খেয়ে মারা যাবেন। যে সমিতিকে বিল ইজারা দেওয়া হয়েছে, বাস্তবে তার কোনো কার্যক্রম নেই।
বিল উৎরাইল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ইয়াকুব আলী বলেন, সপ্তাহ খানেক আগে তিনি বিলটি ইজারা নিয়েছেন। প্রতিবছরের ইজারামূল্য চার লাখ ৮৩ হাজার ১৩৪ টাকা। একসঙ্গে তিন বছরের টাকা শোধ করে দিয়েছেন। তিনি স্বীকার করেন, ইজারা নেওয়ার পরপরই তিনি আলতাজ আলীকে সাবিলজ দিয়েছেন। অল্প কিছু লাভ পেয়েছেন। সাবিলজ দেওয়ার নিয়ম আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, নিয়ম না থাকলেও এটা কোনো ব্যাপার না।
জেলা প্রশাসক এনামুল হক বলেন, তাঁরা কাগজে বিজ্ঞাপন দিয়ে বিল ইজারা দিয়েছেন। যদি সমিতির নাম দিয়ে কোনো অমৎস্যজীবী ইজারা নিয়ে থাকেন, তাহলে এই মর্মে লিখিত অভিযোগ করতে হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ইজারা বাতিল হতে পারে।