মৎস্যজীবীরা বঞ্চিত, জলাশয়ের ইজারা পেল প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিটিং বিলের ইজারা প্রভাবশালী ব্যক্তিদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে স্থানীয় চলিতাবাড়ি, বাইমারপাড়, শিয়ালা হাওরসহ আশপাশের গ্রামের মৎস্যজীবীরা বিলে মাছ শিকার করতে পারছেন না। স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, জলমহাল ব্যবস্থাপনার সরকারি নীতিমালা উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা যুগ যুগ ধরে জলাশয়ের মাছ লুটপাট করছেন। অবৈধ মাছ শিকারে বাধা দিলে গরিব মৎস্যজীবীদের ওপর হামলাও চালানো হয়েছে। জানা গেছে, উপজেলার চলিতাবাড়ি জলমহালের পাশেই সিটিং বিলের অবস্থান। অতীতে এই বিল থেকে মৎস্য আহরণ করেই জীবিকা নির্বাহ করতেন চলিতাবাড়িসহ জলমহালের আশপাশের গ্রামের জেলেরা। সে সময় স্থানীয় জেলেদের মাছ শিকারে কেউ বাধা দিত না। তবে ২০০৯ সালে জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী চক্র জেলেদের বিলে নামতে বাধা দিতে শুরু করে। পরে চলিতাবাড়ি এলাকার মৎস্যজীবীরা মিলে গঠন করেন চলিতাবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতি। এ জন্য তাঁরা সরকারের অনুমোদনও নেন। সে সময় দ্বারিরপাড় আদর্শ মৎস্যজীবী সমিতি ও চদিবদি হাওর মৎস্যজীবী সমবায় সমিতি সিটিং বিলের ইজারা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানায়। কিন্তু বিলের আশপাশের এলাকার বাসিন্দাদের সম্পৃক্ততা না থাকায় সরকারি নীতিমালা অনুসারে দুই সমিতির আবেদন বাতিল করা হয়। এ ঘটনায় দুই সমিতি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করে। সেই সঙ্গে তারা সিটিং বিল থেকে অবৈধভাবে মৎস্য আহরণ অব্যাহত রাখে। এ ছাড়া বিলের ইজারা নিতে চদিবদি হাওর মৎস্যজীবী সমবায় সমিতি হাইকোর্টে আরও একটি রিট মামলা করে। চলতি বছরের ৫ এপ্রিল সিলেটের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সিটিং বিল থেকে দ্বারিরপাড় আদর্শ মৎস্যজীবী সমিতির অবৈধ দখল উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। একই সঙ্গে বৈধ পন্থায় বিলের ইজারা দিতে গত ২৪ মে সিলেটের জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয়ের সচিবের বরাবর একটি প্রতিবেদন দাখিল করেন। কিন্তু জেলা প্রশাসকের সুপারিশ ও প্রতিবেদন উপেক্ষা করেই সম্প্রতি ভূমি মন্ত্রণালয় ওই দুই সমিতিকে উন্নয়ন প্রকল্পের আওতায় বিল ইজারা দেওয়ার আদেশ দেয়। সম্প্রতি উপজেলা প্রশাসন দ্বারিরপাড় ও চদিবদি মৎস্যজীবী সমবায় সমিতিকে সিটিং বিলের দখল বুঝিয়ে দিয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, মামলার সুযোগ নিয়ে দ্বারিরপাড় মৎস্যজীবী সমিতি স্থানীয় লোকজনকে ভয় দেখিয়ে বিলে মাছ ধরতে দিচ্ছে না। অথচ ওই দুই সমিতির সঙ্গে স্থানীয় কোনো মৎস্যজীবীর সংশ্লিষ্টতা নেই। সমিতির সদস্য হিসেবে যে মৎস্যজীবীদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা সিটিং বিল এলাকার বাসিন্দা নন। চলিতাবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রমজান আলী ও সম্পাদক বাচ্চু মিয়া জানান, পাঁচ বছর ধরে যাঁরা জোরপূর্বক জলাশয় দখলের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন, প্রকৃত স্থানীয় মৎস্যজীবীদের জলাশয়ের অধিকার থেকে বঞ্চিত করেছেন, কীভাবে তাঁদের আবারও বিল ইজারা দেওয়া হলো—তা বোধগম্য নয়। তাঁরা মন্ত্রণালয়ের আদেশ বাতিল করে প্রকাশ্য বিজ্ঞপ্তির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে সিটিং বিলের ইজারা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।