মৎস্যবীজ খামারটি ফিরে পেল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ‘অস্তিত্বহীন’ এনজিওকে নামমাত্র মূল্যে ইজারা দেওয়া দিনাজপুরের বিরামপুর উপজেলার ‘চরকাই মৎস্যবীজ উৎপাদন খামার’টি ফিরে পেয়েছে উপজেলা মৎস্য কার্যালয়। তবে ভূমি উন্নয়ন কর বাবদ প্রতিষ্ঠানটি এক লাখ টাকা এখনো পরিশোধ করেনি বলে জানা গেছে।
বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী জানান, ১৯৯৮ সালে মৎস্য অধিদপ্তর এই খামারটি মাত্র তিন লাখ এক হাজার ৬০০ টাকায় রাজবাড়ী জেলার ‘আসফেক’ নামের বেসরকারি একটি সংস্থাকে (এনজিও) ১৫ বছরের জন্য ইজারা দিয়েছিল।
গত সোমবার দুপুরে চরকাই মৎস্যবীজ খামারে আসফেকের তৎকালীন চেয়ারপারসন শাহানা চৌধুরী দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদৌস সরকারের কাছে খামারটির প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
গত বছরের ১৭ ডিসেম্বর প্রথম আলোয় ‘অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে ইজারা, ধ্বংসের পথে মৎস্য খামার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
হাসান ফেরদৌস জানান, মৎস্যসম্পদের উন্নয়ন ও সাব ইজারা না দেওয়ার শর্তে খামারটি ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু ইজারা পাওয়ার পর ইজারা গ্রহীতা ইজারার কোনো শর্ত মানেনি। পরিশোধ করেনি ভূমি উন্নয়ন কর। সে সময় ঠিকানা অনুযায়ী যোগাযোগ করা হলেও ওই সময় প্রতিষ্ঠানের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই আসফেক এনজিওকে একটি ‘অস্তিত্বহীন’ এনজিও বলে জানিয়েছিলেন।