ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের সমাবেশকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু উপজেলা আওয়ামী লীগের এক পক্ষ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, সমাবেশের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আওয়ায়ী লীগের কেউ এতে যাবে না। অন্যদিকে আয়োজক পক্ষ বলছে, আওয়ামী লীগের উদ্যোগেই সমাবেশ হচ্ছে। এতে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সুধী সমাবেশের অতিথি তালিকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-১ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নাম নেই। এমনকি আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সফিউল্লাহ মিয়ার নামও অতিথিদের তালিকায় রাখা হয়নি। বেছে বেছে জেলা ও আশুগঞ্জ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাওয়াত দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে চারটায় সুধী সমাবেশের প্রতিবাদে আশুগঞ্জ প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সফিউল্লাহ মিয়া একটি লিখিত বক্তব্য পড়েন। এতে তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুইটার দিকে সরকারি অনুষ্ঠানের কার্যক্রম হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক আশুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় উদ্বোধন করবেন। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এতে আমাদের ক্ষুব্ধ হওয়া বা আপত্তি করার কথা নয়। সমস্যা হলো, সুধী সমাবেশ প্রসঙ্গে জেলা ও উপজেলা আওয়ামী লীগ অবহিত নয়।’ তিনি আরও জানান, উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী একটি দল এই সুধী সমাবেশের আয়োজন করেছে।
এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৩ (নাসিরনগর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বিরোধের বিষয়টি আবারও সামনে চলে এল। মাসখানেক আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে জেলা আওয়ামী লীগের মূল অংশকে ছাড়াই মন্ত্রী ছায়েদুল হককে প্রধান অতিথি করে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই মূলত জেলা আওয়ামী লীগের সঙ্গে মন্ত্রীর বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিরোধ আরও স্পষ্ট হয়ে ওঠে। ওই নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে চেয়ারম্যান পদে জয়লাভ করেন শফিকুল আলম। মূলত তিনি মৎস্যমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত।
গত ২৩ মার্চ মন্ত্রীকে প্রধান অতিথি করে শফিকুল আলমের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে মুখ্য ভূমিকায় ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হকু, সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মো. ইয়াছিন। আশুগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবারের সুধী সমাবেশে মন্ত্রীসহ উল্লিখিত এই তিন নেতাকেও অতিথি হিসেবে রাখা হয়েছে।
সুধী সমাবেশের সভাপতি ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সি দাবি করে বলেন, ‘মন্ত্রী সমাবেশ করতে ইচ্ছা পোষণ করায় আমরা সহযোগিতা করছি। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেই এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রীর সরকারি অনুষ্ঠানের মধ্যে সুধী সমাবেশের কথা উল্লেখ রয়েছে। তা ছাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কসহ সব নেতার কাছে দাওয়াতপত্র পাঠানো হয়েছে।’
আশুগঞ্জের ইউএনও আমিরুল কায়সার বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী আশুগঞ্জের তালশহরে হাজী আবদুল কুদ্দুস উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন এবং বিকেল চারটায় শ্রমকল্যাণ সুধী সমাবেশে যোগ দেবেন বলে মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে তাঁকে জানানো হয়েছে।