ময়নাতদন্ত ও সুরতহালকারীকে হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে গত ৯ ডিসেম্বর পুরান ঢাকায় ছাত্রলীগের কর্মীদের হাতে নিহত পথচারী বিশ্বজিৎ দাসের ময়নাতদন্তকারী চিকিৎসক মাকসুদুর রহমানকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁর উপস্থিতি নিশ্চিত করতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে।একই সঙ্গে বিশ্বজিতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হককেও আজ আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে বিশ্বজিৎ নিহত হওয়ার ঘটনার ভিডিও ফুটেজ দাখিল করতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার এই আদেশ দেন। গতকাল বুধবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, বুধবার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসককে আদালতের আদেশের বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে আজ তাঁরা হাজির হবেন।বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা চেয়ে ফৌজদারি কার্যবিধিতে একটি আবেদন করা হয়। শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ওই ঘটনায় গণমাধ্যমে যাঁদের নাম-ছবি প্রকাশিত ও প্রচারিত হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করার নির্দেশের পাশাপাশি রুল জারি করেন।জানা যায়, গত রোববার আদালত বিশ্বজিতের লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করতে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রতিবেদন দুটি মঙ্গলবার দাখিল করেন। প্রতিবেদন দুটি পর্যালোচনা করে আদালত তাঁদের দুজনকে আজ আদালতে হাজির হতে নির্দেশ দেন।