ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অভিযোগে আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি না নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আট ব্যক্তিকে আটকের পর গতকাল শনিবার জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। আদিতমারী থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রেমঘটিত কারণে উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামের আবুল কাশেমের অনার্সপড়ুয়া ছেলে মশিউর রহমান (২০) গত শুক্রবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের ময়নাতদন্ত করাতে বলে নিহতের পরিবারের লোকজনকে। কিন্তু পরিবার ও এলাকাবাসী লাশের ময়নাতদন্ত করাতে অস্বীকৃতি জানায়। ময়নাতদন্ত না করানোর দাবিতে এলাকাবাসী নিহত মশিউরের বাড়ির রাস্তায় শুয়ে পড়ে। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ বাধ্য হয়ে ফিরে আসার পর জুমার নামাজ শেষে মশিউরের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। এদিকে শুক্রবার গভীর রাতে আদিতমারী থানা পুলিশ মশিউরের বাড়িসহ আশপাশের এলাকায় এক আকস্মিক অভিযানে নেমে মশিউরের চাচাসহ আটজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মশিউরের চাচা শামসুজ্জামান (৫৫) ও আসাদুজ্জামান (৫৮), চাচাতো ভাই মাসুদ রানা (১৮), মাসুম রানা (২২), আবদুল্লাহ আল মামুন (২৫), আল-আমিন (২৭), মনোয়ারুল (১৭) ও হামিদুল (১৫)। তাঁদের মধ্যে মাসুম রানা মশিউরের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতে বাড়িতে আসার পর পরই পুলিশ তাঁকে আটক করে। এ ব্যাপারে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, সরকারি কাজে বাধাদান ও সন্দেহজনক আচরণের কারণে তাঁদের আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিশেষ ব্যবস্থায় জেলা আদালতে পাঠানো হয়েছে।