ময়নাতদন্ত নিয়ে চিকিৎসকদের হয়রানি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশের ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ নিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন চিকিৎসকেরা। আজ শনিবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকের সময় সংশ্লিষ্ট চিকিৎসকেরা এ অভিযোগ করেন।
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার কার্যকরী পরিষদের সভায়ও চিকিৎসকেরা এ অভিযোগ তোলেন।
কুমিল্লা মেডিকেল কলেজ সূত্র জানায়, শনিবার বেলা দুইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরীর সঙ্গে মেডিকেল বোর্ডের সভা হয়। সভায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পাঠানো উকিল নোটিশের জবাব দেওয়া নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ডিএনএ প্রতিবেদন ছাড়া দ্বিতীয় ময়নাতদন্ত প্রকাশ না করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন মেডিকেল বোর্ডের তিন সদস্য কামদা প্রসাদ সাহা, করুণা রানি কর্মকার, মো. ওমর ফারুক। এ ছাড়া তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী চিকিত্সক শারমিন সুলতানাও উপস্থিত ছিলেন। এ বৈঠকে চিকিৎসকেরা অভিযোগ করেন, তনুর ময়নাতদন্ত নিয়ে হয়রানি করা হচ্ছে।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উকিল নোটিশের জবাব আমরা সরকারি কৌঁসুলির (পিপি) মাধ্যমে দেব। প্রথম ময়নাতদন্তের সঙ্গে অধ্যক্ষ ও কামদা প্রসাদ সাহা সম্পৃক্ত নন। চিকিত্সক শারমিন সুলতানা সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনজীবীর মাধ্যমে তার জবাব দেবেন।’
এদিকে, গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা বিএমএ কুমিল্লা জেলার বৈঠক হয়। নগরের রামঘাট বিএমএ কার্যালয়ে ওই বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা বিএমএর সভাপতি গোলাম মহিউদ্দিন। ওই সভায় চিকিত্সক শারমিন সুলতানাকে হয়রানি এবং কামদা প্রসাদ সাহাকে হুমকির বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিএমএ এ বিষয় নিয়ে আইনগত পদক্ষেপ নেবে বলে সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে চিকিৎসকদের হয়রানি না করার জন্য সব মহলের প্রতি আহ্বান জানানো হয়।
গোলাম মহিউদ্দিন বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে চিকিৎসকদের হয়রানি করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেব।’
গত ২০ মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতরে তনুর লাশ উদ্ধার করা হয়।