পুনরায় ময়নাতদন্তের জন্য ফরিদপুরের পরদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জাকিয়া আক্তার ওরফে চম্পার লাশ গতকাল শনিবার কবর থেকে তোলা হয়েছে। তবে সুরতহাল প্রতিবেদনের সঙ্গে লাশের বাস্তব অবস্থার গরমিল থাকায় ময়নাতদন্ত করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।নির্বাহী হাকিম শাহিদুল ইসলামের উপস্থিতিতে গতকাল দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কাশিমাবাদ গ্রামের পারিবারিক কবর থেকে জাকিয়ার লাশ তোলা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের শেখ, কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। এসআই আবুল খায়ের শেখ ও নির্বাহী হাকিম শাহিদুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী জানান, আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য গতকাল সকালে মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান হাবিবুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য দুই সদস্য হলেন: ফরেনসিক বিভাগের এস এম খবিরুল ইসলাম ও মোজহারুল ইসলাম। নির্বাহী হাকিম শাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারা অনুযায়ী জাকিয়ার লাশ তুলেছি। পুলিশ দিয়ে সুরতহাল তৈরি করে প্রতিবেদনসহ ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল টিমের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’মেডিকেল বোর্ডের সদস্য এস এম খবিরুল ইসলাম গতকাল বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী পুলিশ কর্মকর্তা গতকাল ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত লাশকাটা ঘরে লাশের সঙ্গে সুরতহাল প্রতিবেদন দিয়েছেন। তবে প্রতিবেদনের সঙ্গে লাশের বাস্তব অবস্থার অসংগতি থাকায় আমরা ময়নাতদন্ত করিনি। বিষয়টি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।’ খবিরুল আরও বলেন, ‘ম্যাজিস্ট্রেট তাঁর প্রতিবেদন সংশোধন না করে দিলে আমাদের পক্ষে ময়নাতদন্ত করা সম্ভব নয়। কাল (আজ রোববার) আমরা আদালতকে অসংগতির বিষয়টি জানাব।’