শিগগির ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনু হত্যাকাণ্ড
তনু হত্যাকাণ্ড

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ড শিগগির তাদের প্রতিবেদন দেবে। বোর্ডের তিন সদস্য এ বিষয়ে একমত হয়েছেন। গতকাল শনিবার মেডিকেল বোর্ডের প্রধান কামদা প্রসাদ সাহার কক্ষে এই সভা হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল প্রায় দেড় ঘণ্টা ওই পর্যালোচনা সভা হয়। সভায় কামদা প্রসাদ সাহা ছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান করুণা রানী কর্মকার ও ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কামদা প্রসাদ সাহা গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুপুরে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে পর্যালোচনা সভা হয়েছে। ওই সভায় সব বিষয়ে বোর্ডের সদস্যরা আলোচনা করেছেন। প্রাপ্ত তথ্য নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এখন পর্যন্ত আমরা ডিএনএ প্রতিবেদন পাইনি। এরপরও আমরা প্রতিবেদন দেওয়ার জন্য একমত হয়েছি। শিগগিরই প্রতিবেদন দেওয়া হবে।’
শিগগির বলতে কত দিন—এমন প্রশ্নের জবাবে কামদা প্রসাদ সাহা বলেন, ‘কোনো দিনক্ষণ ঠিক করা হয়নি। আমরা প্রতিবেদনটা দিয়ে দেব। এ প্রতিবেদন নিয়ে ডাক্তারদের ওপর চাপ বেড়ে গেছে।’

গত ২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের একটি ঝোপের মধ্যে পাওয়া যায়। আর ২৮ মার্চ তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত হয়। কিন্তু ৪৫ দিনেও ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি।