ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে আসামি ধরবে না পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া সাড়ে আট বছর বয়সী মাদ্রাসাশিক্ষার্থী হাফিজুর রহমান কাওসার হত্যা মামলার আসামি ধরা যাবে না বলে জানিয়েছে মিরপুরের পুলিশ। গত ৭ আগস্ট মিরপুর সাড়ে ১১-এর একটি মাদ্রাসায় হাফিজুরের রহস্যজনক মৃত্যু হয়।
আসামি ধরা হচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগী পরিবারকে চার মাস ধরে পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের দোহাই দিয়ে আসছে। এরপর ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে সাড়ে তিন মাস ধরে ধরনা দিয়ে চলছে নিহত শিশুর পরিবার।
হাফিজুরের বাবা মো. দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর ছেলেকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ওই দিন ভোরবেলায় বা আগের দিন রাতে। মাদ্রাসার অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাক অসুস্থ থাকায় সে রাতে শিক্ষক মোস্তাফিজুর রহমান মাদ্রাসার ছাত্রদের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। দুলাল মিয়ার ধারণা, এই মোস্তাফিজুর রহমান তাঁর ছেলের মৃত্যুর জন্য দায়ী। দুলাল মিয়া বলেন, ‘আমি বারবার পুলিশকে এ কথাটা বলেছি। কিন্তু পুলিশ অভিযোগ কানেই তুলছে না। চার মাসে মোস্তাফিজুরকে জিজ্ঞাসাবাদের কোনো উদ্যোগও নেয়নি। আমাকে বলে আসামিরা কোথায় খুঁজে বের করতে।’
জানতে চাইলে মিরপুর ডিভিশনের উপকমিশনার মাসুদ আহাম্মদ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য তাঁরা অপেক্ষা করছেন। সব সময় কি ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে আসামি ধরা হয়? এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, যেসব হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, সেগুলোর ক্ষেত্রে দ্রুত আসামি গ্রেপ্তার করা হয়। তাঁরা নিশ্চিত হতে পারছেন না। তবে আসামি ধরার চেষ্টাও একই সঙ্গে চলছে।
এর আগে গত ১৯ আগস্টও মাসুদ আহম্মদ আসামি গ্রেপ্তার সম্পর্কে প্রথম আলোকে একই কথা বলেন।
নিহত শিশুর পরিবারের দাবি, ময়নাতদন্ত প্রতিবেদন যাতে আসামিদের অনুকূলে যায়, সে জন্য নানামুখী তৎপরতা চলছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ বলেছেন, এসব অভিযোগ অসত্য। তাঁরা দ্রুত প্রতিবেদন দিয়ে দেবেন।
জানা গেছে, হাফিজুর রহমান কাওসার মিরপুর ১১ নম্বরে মারকাজুল তারতীলিল কোরান নামের একটি মাদ্রাসায় থেকে লেখাপড়া করছিল। পল্লবীর একটি ভবনে ১১ ছাত্র নিয়ে মাদ্রাসাটি চলছিল। মৃত্যুর মাত্র কয়েক মাস আগে তার বাবা-মা ওই মাদ্রাসায় তাকে রেখে আসেন। মাদ্রাসাটির অধ্যক্ষ জুনায়েদ বিন ইসহাক স্থানীয় মসজিদুল আমানে ইমামতি করেন। ওই মসজিদে ৪০ বছর তাঁর বাবা ইমামতি করেছেন। এসব বিবেচনা করেই দুলাল মিয়া ছেলেকে জুনায়েদের তত্ত্বাবধানে রেখে আসেন। মাদ্রাসায় জুনায়েদ সপরিবারে থাকতেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, জুনায়েদ বিন ইসহাক অসুস্থ হয়ে পড়ায় পড়াতে পারছিলেন না। দুলাল মিয়াও বলেছেন, জুনায়েদ অসুস্থ থাকায় মোস্তাফিজুর রহমান নামে আরেকজন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছিলেন। হাফিজুরের মৃত্যুর সময়ও তিনিই মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন। তবে হাফিজুর মারা গেছে, এ খবর মাদ্রাসার কেউ তার বাবাকে দেয়নি। তাঁর পরিচিত এক ব্যক্তি সকাল সাতটা-সাড়ে সাতটার দিকে তাঁকে মাদ্রাসায় আসতে বলেন। তিনি গিয়ে দেখেন, হাফিজুর বিছানায় শোয়ানো। মাদ্রাসার ছাত্ররা বলে, ওই দিন সকালে হাফিজুর অধ্যক্ষের বাথরুমের ছিটকিনিতে গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। পরে তারা তাকে সেখান থেকে নিয়ে বিছানায় শোয়ায়।