দিয়াজ ইরফান চৌধুরীর লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী।
গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।
জুবাঈদা ছরওয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে যাতে আত্মহত্যা উল্লেখ করা হয়, সে জন্য বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর দৌড়ঝাঁপ করছেন। এ ব্যাপারে বক্তব্য জানতে ওই সহকারী প্রক্টরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তিনি মুঠোফোন ধরেননি।
রাতে দিয়াজের স্বজনদের শঙ্কা সম্পর্কে জানতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সৈয়দ মো. কাসেমের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি। এর আগে সকালে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ময়নাতদন্তের প্রতিবেদন তৈরি করা শেষ। যেকোনো সময় তা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। দিয়াজের স্বজনদের শঙ্কা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, এখানে কোনো কিছু বিকৃত করার সুযোগ নেই। ময়নাতদন্তে যা পাওয়া গেছে, সেটাই প্রতিবেদনে উল্লেখ করা হবে।
দিয়াজ ইরফানের অনুসারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আবু বকর তোহা বলেন, ‘আমাদের নেতা দিয়াজ ভাইকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এটি যে পরিকল্পিত হত্যাকাণ্ড, বিষয়টি একবারে স্পষ্ট।’
এদিকে ঘটনার পর থেকে দিয়াজের মুঠোফোন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। দিয়াজের মামা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ রাশেদ বিন আমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার ভাগনের হত্যাকাণ্ডের পর থেকে তাঁর মুঠোফোন মিলছে না। মুঠোফোন উদ্ধার করা সম্ভব হলে হত্যাকাণ্ডের বিষয়টি আরও খোলাসা হবে।’
দিয়াজের বাসায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা: গতকাল দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল দিয়াজের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
দিয়াজের ছোট বোন সাইদা সরওয়ার চৌধুরী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনকে তাঁরা পুরো ঘটনা বুঝিয়ে বলেছেন। তাঁরা বলেছেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকতে পারে, তাদের নামও তাঁরা দিয়েছেন।
এস এম জাকির হোসাইন সাংবাদিকদের বলেন, ‘দিয়াজ ইরফানের শোকে আমরা বিহ্বল। তাঁর মতো মেধাবী ছাত্রনেতা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাব কি না জানি না।’ এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধিদলকে বহনকারী গাড়ি ক্যাম্পাসের ২ নম্বর গেটের কাছে এলে দিয়াজের অনুসারীরা সেটি ঘিরে ধরে বিক্ষোভ করেন। তাঁরা সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।