ময়নাতদন্ত প্রতিবেদন পাল্টে ফেলার আশঙ্কায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১৩ নম্বরের ন্যাম গার্ডেনে গৃহকর্মী মোসাম্মৎ জনিয়ার (১৫) মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছে তার পরিবার। পরিবার ও এলাকাবাসী বলছেন, ঘটনার সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকায় ময়নাতদন্তের প্রতিবেদন ‘পরিবর্তিত’ হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তাই সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন।
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তারা সিদ্ধান্ত নিতে পারবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন লিফট পরিচালনাকারীর মধ্যে দুজন ঢাকা কলেজের ছাত্র। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়াশোনার খরচ চালাতেই তাঁরা চাকরি করছেন বলে জানিয়েছেন ন্যাম গার্ডেনের আরেকজন লিফটম্যান, যিনি নিজেও ঢাকা কলেজের ছাত্র। তাঁদের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার কলেজের সামনে মানববন্ধনের আয়োজনও করেছেন সহপাঠীরা।
গত রোববার ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার এলাকায় জনিয়ার রহস্যজনক মৃত্যু হয়। ওই দিনই কাফরুল থানার পুলিশ ন্যাম গার্ডেনের এক তত্ত্বাবধায়ক ও তিন লিফট পরিচালনাকারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। লাশ উদ্ধারের পর থেকেই জনিয়ার পরিবার থেকে এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করা হচ্ছে। তাদের অভিযোগ, রোববার সকালে জনিয়া ন্যাম গার্ডেনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক (যুগ্ম সচিব পদমর্যাদা) আহসান হাবিবের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়েছিল। তাঁর ছেলে ওই বাসায় জনিয়াকে ধর্ষণ করে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন।
গতকাল সকাল ১০টায় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ুন রশিদ, জনিয়ার বাবা উছমান গণি, মা ফুল বানুসহ ১০ জনের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।
কাউন্সিলর হুমায়ুন রশীদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ এখনো অভিযুক্ত ব্যক্তি, তাঁর ছেলে বা স্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মামলায়ও তাঁদের অন্তর্ভুক্ত করেনি। তারা বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের সবার আশঙ্কা, যেহেতু অভিযুক্ত ব্যক্তি সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাই ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তন করে ফেলার সম্ভাবনা রয়েছে। এমন আশঙ্কা থেকেই মেয়েটির পরিবারের সদস্যদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি।’
কাউন্সিলর বলেন, ঘটনা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনারের সঙ্গে কথা বলেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, হত্যা মামলা নেওয়া হবে কি না, এটি সম্পূর্ণরূপে ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর নির্ভর করছে।
বাবা উছমান গণি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন তাঁদের।
মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এদিকে ঘটনার বিষয়ে আহসান হাবিবের পরিবারের বক্তব্য জানতে ন্যাম গার্ডেনে গেলে ফটকেই এই প্রতিবেদককে আটকে দেওয়া হয়। ফটকের নাম নিবন্ধন করার খাতা তত্ত্বাবধানকারী আলী হাসান বলেন, ‘ওই বাসায় কেউ নেই। বাসায় তালা মারা। গিয়েও লাভ নেই।’