ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ-স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিরোজশাহ বিশ্ব কলোনি এলাকায় দম্পতির রহস্যজনক মৃত্যুর কূলকিনারা হয়নি চার দিনেও। এ অবস্থায় পুলিশ ও স্বজনেরা অপেক্ষায় আছেন ময়নাতদন্ত প্রতিবেদনের। স্বজনেরা বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আর পুলিশের দাবি এটি দুর্ঘটনা।
চার দিনেও স্বজনেরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ দাঁড় করাতে পারেননি। মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হলেও তদন্তে পুলিশও কোনো ক্লু পায়নি।
নিহত সঞ্চিতা শীলের ছোট ভাই ত্বড়িত শীল গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর আমরা আদালতে মামলা দায়ের করব। ময়নাতদন্ত প্রতিবেদনে কী আসে দেখি।’
একই মন্তব্য করে নিহত রাজীব চৌধুরীর ছোট ভাই অভিজিৎ চৌধুরী বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলাসহ যাবতীয় ব্যবস্থা নেব।’
জানতে চাইলে নগরের আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘সুরতহাল ও প্রাথমিক তদন্তে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। পরিবার যেহেতু অভিযোগ করছে হত্যাকাণ্ড, তাই আমরা ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি।’
গত বৃহস্পতিবার ভোরে নগরের আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ বিশ্ব কলোনি এলাকায় এম ব্লকের বাসার সামনে আঙিনা থেকে স্বামী রাজীব চৌধুরী (৪০) ও স্ত্রী সঞ্চিতা শীলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজীবের ছোট ভাই অভিজিৎ চৌধুরী বাদী হয়ে আকবরশাহ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। রাজীব নগরের পূর্ব ফিরোজশাহ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং সঞ্চিতা হাটহাজারীতে খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।