ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য আটকে আছে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নির্দেশনা আছে, ময়নাতদন্তের ৭২ ঘণ্টার মধ্যে চিকিৎসককে প্রতিবেদন দিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে এক-দেড় বছরেও পাওয়া যায় না ময়নাতদন্ত প্রতিবেদন। ফলে আটকে থাকে মামলার তদন্ত। ন্যায়বিচার থেকে বঞ্চিত হন ভুক্তভোগীরা।

ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় তদন্ত আটকে থাকা মামলার বেশির ভাগই অপমৃত্যুর। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ডিএমপির ৪৯ থানাতেই আটকে থাকা এমন মামলা আছে ৪৯৭টি (গত ১৬ ডিসেম্বর পর্যন্ত)। এর মধ্যে ৪৬টি মামলার ময়নাতদন্ত প্রতিবেদন এক বছরে এবং ১২৫টির প্রতিবেদন ছয় মাসেও পাওয়া যায়নি। তদন্ত কর্মকর্তারা বলছেন, সংশ্লিষ্ট চিকিৎসককে বারবার তাগাদা দেওয়ার পরও নানা ব্যস্ততার কথা বলে তাঁরা প্রতিবেদন দিতে দেরি করেন। সময়মতো প্রতিবেদন না পাওয়ায় কোনো কোনো ক্ষেত্রে মামলার চূড়ান্ত প্রতিবেদনও দিতে হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন দিতে বিলম্বের মাধ্যমে ভুক্তভোগীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘন। সংশ্লিষ্ট চিকিৎসককে যত দ্রুত সম্ভব ময়নাতদন্ত প্রতিবেদন দিতে হবে।

আদালত সূত্র বলেছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৫ সালের জানুয়ারিতে অজ্ঞাত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় অপমৃত্যু মামলা হয়। ১৪ মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি হত্যা। পরে গত বছরের মার্চে এটি হত্যা মামলায় রূপান্তর হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই ওয়াজেদ আলী বলেন, ১৪ মাসে মামলার সাক্ষীসহ পারিপার্শ্বিক নানা অবস্থার পরিবর্তন হয়েছে। আসামি শনাক্ত করতে না পারায় গত নভেম্বরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুনরায় তদন্ত করবে। আইনজীবী শাহদীন মালিক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি হলে মামলার ‘মেরিট’ নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৫ সালের সেপ্টেম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এ ঘটনায় শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়। তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আবদুল মোত্তালিব গত বুধবার বলেন, লাশের ময়নাতদন্ত করা চিকিৎসক ১৬ মাসেও প্রতিবেদন দেননি। আদালত থেকে প্রতিবেদন চেয়ে গত অক্টোবরে আদেশ জারি হলেও প্রতিবেদন পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্র বলেছে, একই চিকিৎসকের কাছে শাহবাগ থানারই আরও অন্তত এক ডজন মামলার ময়নাতদন্ত প্রতিবেদন আটকে আছে। ময়নাতদন্তগুলো হয়েছে এক থেকে দেড় বছর আগে। গত বছরের ৪ ফেব্রুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে ঢাকার বাইরে বদলি হয়ে গেছেন। যোগাযোগ করা হলে ওই চিকিৎসক বলেছেন, কাগজপত্র না দেখে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না।

শাহবাগ থানা সূত্র বলেছে, তিন থেকে এক বছরের বেশি সময় আগে সম্পন্ন হওয়া এই থানার আরও অন্তত ৪০টি অপমৃত্যু মামলার ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

ময়নাতদন্তের কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হয়, এ প্রশ্নে সারা দেশে ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের সংগঠন ‘দ্য মেডিকোলিগ্যাল সোসাইটি অব বাংলাদেশ’-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম বলেন, এ-সংক্রান্ত কোনো আইন নেই। তবে সরকারি আদেশে বলা আছে, ময়নাতদন্তের পর সংশ্লিষ্ট চিকিৎসক ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন লিখে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দেবেন। ঊর্ধ্বতন কর্মকর্তা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদনে প্রতিস্বাক্ষর করে সংশ্লিষ্ট স্থানে পাঠাবেন। তবে যেসব ক্ষেত্রে ভিসেরা (রাসায়নিক) পরীক্ষার প্রয়োজন হবে, সে ক্ষেত্রে ভিসেরা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসক প্রতিবেদনে চূড়ান্ত মতামত দেবেন।

সংগঠনটির সভাপতি ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সেলিম রেজা বলেন, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ সারা দেশে ১৩টি মেডিকেল কলেজে ময়নাতদন্ত হয়। এই বিভাগে তীব্র জনবল-সংকট রয়েছে। অনেক ক্ষেত্রে ভিসেরা পরীক্ষার প্রতিবেদন পেতে দেরি হয়। কিছু ক্ষেত্রে চিকিৎসকের অবহেলাও থাকে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের এক চিকিৎসক বলেন, ২০১৬ সালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ২ হাজার ৪৯২টি ও চলতি বছরের ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৬৫টি ময়নাতদন্ত হয়েছে। প্রতিদিন গড়ে আটটি। একটি প্রতিবেদন লিখতে আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টা লাগে। বিভাগীয় শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা, আদালতে সাক্ষ্য, বয়স নির্ণয়ের পরীক্ষা, ধর্ষণের ঘটনার ফরেনসিক পরীক্ষাসহ নানা কাজের ব্যস্ততা থাকে। ময়নাতদন্তের জন্য চিকিৎসকেরা আলাদা সম্মানী পান না। তাই যথাসময়ে প্রতিবেদন দিতে আগ্রহ থাকে কম।

আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ নূর খান বলেন, এমন দেরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে জনবলের স্বল্পতা থাকলে সরকারকে দ্রুত জনবল নিয়োগ দিতে হবে। সময়ক্ষেপণের কারণে মামলার সাক্ষী আগ্রহ হারিয়ে ফেলেন, বিচারপ্রত্যাশীও হতাশ হন।