ময়নাতদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দুটি পক্ষ। আঘাতে দিয়াজের মৃত্যু (হত্যা) হয়েছে—দ্বিতীয় ময়নাতদন্তে বিষয়টি প্রতিষ্ঠিত হলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা হত্যাকাণ্ডের প্রতিবাদে মাঠে নামার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ ঘটনা রাজনীতির মাঠে টেনে আনতে চান না।
মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি মাঠে-ময়দানে বলেছি, বিশ্ববিদ্যালয়ে টেন্ডারবাজি নিয়ে ছাত্র খুন হয়। এরপর লাশ ঝুলিয়ে রাখা হয়। দিয়াজের মৃত্যুর ব্যাপারে আমি এখনো মুখ খুলিনি। দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য শুধু অপেক্ষা করছি। এরপর আমি মুখ খুলব।’
দিয়াজের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান। মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচতি এই চিকিৎসক-নেতা বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদনের সঙ্গে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনের কোনো মিল নেই। আমরা মনে করি, এ ধরনের বিতর্কিত প্রতিবেদনের কারণে সমাজে চিকিৎসকদের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা উভয় পেশার মর্যাদা পুনরুদ্ধারে মাঠে নামব। দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে সঠিক চিত্র উঠে আসবে বলে আমরা আশাবাদী।’
অবশ্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মেডিকেলের ফরেনসিক বিভাগের ওপর আমার শতভাগ আস্থা আছে। দিয়াজের শরীরে যে আঘাতের চিহ্ন ছিল, তা ঝুলে মৃত্যুর সময় ছটফট থেকে হতে পারে। বিষয়টি নিয়ে রাজনীতি করা সমীচীন হবে না। দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।’ মেয়র নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ফয়সল ইকবাল।
গত বছরের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার ভাড়া বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯৫ কোটি টাকা ব্যয়ে দুটি ভবন নির্মাণের দরপত্রকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে একের পর এক পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সময়ের মধ্যে ছয়বার রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
দিয়াজের প্রথম ময়নাতদন্ত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে। গত ২৩ নভেম্বর দেওয়া প্রতিবেদনে দিয়াজ ‘আত্মহত্যা’ করেছেন বলে উল্লেখ করা হয়। কিন্তু এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন।
পরে আদালতের নির্দেশে গত ১০ ডিসেম্বর কবর থেকে লাশ তুলে ঢাকা মেডিকেলে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। এতে দিয়াজের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে ঢাকার ময়নাতদন্তকারী চিকিৎসক দল গণমাধ্যমকে জানায়। বিষয়টি নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের রাজনীতিতে নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। দিয়াজ ছাত্র রাজনীতিতে মেয়র নাছিরের অনুসারী ছিলেন। আবার হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ অভিযুক্ত নেতা-কর্মীরাও মেয়রের অনুসারী হিসেবে পরিচিত।
এদিকে দ্বিতীয় ময়নাতদন্তের কাজে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসক দল সম্প্রতি চট্টগ্রামে এসে ঘটনাস্থল (যে ঘর থেকে দিয়াজের লাশ উদ্ধার করা হয়) পরির্দশন করে। চট্টগ্রাম মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাঁরা। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে তাঁরা আবার চট্টগ্রামে আসবেন। এরপর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন চূড়ান্ত করবেন বলে জানা গেছে।
দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকেরা হত্যার কথা উল্লেখ করায় দলের একটি পক্ষের আন্দোলনে নামার ঘোষণার বিষয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দিয়াজের মৃত্যু নিয়ে রাজনীতি করার কিছু নেই। দিয়াজ আত্মহত্যা করেছেন, ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তকারী দল প্রথম ময়নাতদন্তকারী দলের সদস্যের সঙ্গে কথা বলেই নিশ্চয়ই প্রতিবেদন দেবে। এতে আগের প্রতিবেদনের সঙ্গে গরমিল হওয়ার কারণ দেখছি না।’ তিনি বলেন, ‘ঢাকায় ভিসেরা প্রতিবেদনে কিছু পাওয়া যায়নি বলে আমি শুনেছি। যদি এটি হত্যাকাণ্ড হয় তা পুলিশ দেখবে। বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে মুখোমুখি হওয়া উচিত হবে না।’
রাজনৈতিক কারণেই প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ‘খুনের’ ঘটনা উল্লেখ করা হয়নি বলে দাবি করেন দিয়াজের বোন আইনজীবী জুবাঈদা ছরওয়ার চৌধুরী। তিনি বলেন, ‘আমার ভাই খুন হয়েছে। একটি পক্ষ আসামিদের রক্ষা করতে মরিয়া। ওরাই তো রাজনীতি করে সত্যটা চাপা দিতে চাচ্ছে। দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে সত্যটা উঠে আসবে বলে আমাদের বিশ্বাস।’