ময়নাতদন্ত সম্পন্ন ভিসেরা ও ডিএনএ নমুনা সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি নারী হিরোয়ি মিয়াতার মরদেহের ময়নাতদন্ত গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়েছে। ভিসেরা ও ডিএনএ নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষাগারে। এগুলোর পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মিলবে ময়নাতদন্ত প্রতিবেদন। এতে সময় লাগবে ১৫ দিন থেকে এক মাস।
সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থান থেকে হিরোয়ি মিয়াতার মরদেহ উত্তোলন করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাঁর মরদেহ নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের উপস্থিতিতে মরদেহের সুরতহাল তৈরি করা হয় জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, মরদেহে কিছুটা পচন ধরেছে। ময়নাতদন্তে মিয়াতার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডিএনএ ও ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা হিসেবে তাঁর শরীরের বিভিন্ন অংশ ও হাত-পায়ের নখ আর দাঁত সংগ্রহ করে মহাখালীর হিস্টোপ্যাথলজি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পেতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে। ডিএনএ পরীক্ষার জন্য মিয়াতার নখ ও দাঁত জাপানে পাঠানো হবে। সেখানে তাঁর আত্মীয়দের সঙ্গে এগুলো মেলানো হবে।
গত বৃহস্পতিবার আদালত ময়নাতদন্তের জন্য মিয়াতার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। প্রায় ২৪ দিন ধরে নিখোঁজ থাকার পর জানা যায় ২৯ অক্টোবর মিয়াতা মারা গেছেন। এ ঘটনায় ছয়জনকে আসামি করে ২২ নভেম্বর হত্যা মামলা করে পুলিশ।