নারায়ণগঞ্জের সাত খুনের দুটি মামলায় গতকাল সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহত আইনজীবী চন্দন সরকারের স্ত্রী, একজন অতিরিক্ত পুলিশ সুপার, সাতটি লাশের ময়নাতদন্তকারী চার চিকিৎসকসহ ১১ জন। পরে আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষে আদালত ১৬ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল সকাল সাড়ে নয়টায় মামলার বিচার কার্যক্রম শুরু হলে প্রথমে সাক্ষ্য দেন চন্দন সরকারের স্ত্রী অর্চনা সরকার। তিনি বলেন, অপহরণের দিন ২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে তাঁর স্বামী চন্দন সরকার ব্যক্তিগত গাড়িতে করে আদালত থেকে বাসায় ফিরছিলেন। পথে চন্দন সরকার ও গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করে হত্যার পর লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। তিনি স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পরে নিহত সাতজনের লাশের ময়নাতদন্ত সম্পন্নকারী চার চিকিৎসক আসাদুজ্জামান, জলিল আহমেদ, শেখ ফরহাদ, মাইনুদ্দিন আদালতে সাক্ষ্য দেন। ১৫০ শয্যা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান তাঁর সাক্ষ্যে হত্যা ও আঘাতের ধরন সম্পর্কে বর্ণনা দেন। তিনি বলেন, সাতজনকেই হত্যার আগে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। পরে তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পেটে একটি করে ফুটো ও দুজনের পেটে দুটি করে ফুটো ছিল।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হত্যাকাণ্ডের সময় নারায়ণগঞ্জে কর্মরত তৎকালীন সহকারী পুলিশ সুপার) আজিম-উল আহসান বলেন, ২৭ এপ্রিল সাতজনকে অপহরণের খবর পাওয়ার পর ওই দিন পুলিশ শহরের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করে। রাত পৌনে চারটার দিকে নগরীর কিল্লারপুর এলাকায় কর্তব্যরত পুলিশ একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয়। তখন মাইক্রোবাস থেকে র্যা ব-১১-এর তৎকালীন পরিচালক তারেক সাঈদ মোহাম্মদ বেরিয়ে এসে নিজের পরিচয় দিয়ে পুলিশকে জানান, নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে কাজ শেষে তিনি ক্যাম্পে ফিরছেন। পরিচয় পাওয়ার পর পুলিশ মাইক্রোবাসটি ছেড়ে দেয়।
সাক্ষ্য দেওয়ার সময় তারেক সাঈদকে শনাক্ত করতে বললে আদালতে অসুস্থ হয়ে পড়েন পুলিশ কনস্টেবল আবদুল লতিফ। পরে সুস্থ হয়ে তিনি পুনরায় সাক্ষ্য দেন। এ ছাড়া নিহত তাজুল ইসলামের বাবা আবুল খায়ের ও নিহত সিরাজুল ইসলাম লিটনের ভাই সাইফুল ইসলাম সাক্ষ্য দেন।
সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত ১৬ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।