ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, পরিবারের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে হত্যাকাণ্ডের শিকার দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছিল—এমন কোনো আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া যায়নি। জেলা সিভিল সার্জনের কার্যালয় কর্তৃপক্ষ এ কথা বলেছে। তবে মেয়ে দুটির স্বজনেরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তাঁদের অভিযোগ, প্রভাব খাটিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তন করা হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাদারীপুর সদর হাসপাতালে মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম, চিকিৎসা কর্মকর্তা মাহমুদা আফরোজ ও আলতাফ হোসেন ময়নাতদন্ত সম্পন্ন করেন। তাঁরা সোমবার ময়নাতদন্ত প্রতিবেদন সিভিল সার্জনের কার্যালয়ে পাঠান। ওই দিনই প্রতিবেদনটি সিভিল সার্জনের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মুঠোফোনে জানতে চাইলে সিভিল সার্জন দিলীপ কুমার দাস প্রথম আলোকে বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনের সঙ্গে এ-সংক্রান্ত প্রতিবেদনটিও সোমবার বিকেল পাঁচটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। সিভিল সার্জনের কার্যালয়ের অফিস সহকারী সিরাজুল ইসলাম প্রতিবেদনটি পৌঁছে দেন।
সদর হাসপাতালের আরএমও শফিকুল বলেন, সুমাইয়ার গলা, ডান হাতের কবজি, পেটের বাঁ পাশে ও দুই পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অধিকতর তদন্তের জন্য পাকস্থলী, কিডনি ও লিভার সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সুমাইয়া ও হ্যাপিকে গত বৃহস্পতিবার ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করে আসছেন। ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত মেলেনি—এ কথা শোনার পর তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বলেন, ‘আমাদের মহিলারা দুই মেয়ের শরীর খুঁটিয়ে দেখেছিল। সবাই বলেছে, তাদের ওপর পাশবিক অত্যাচার হয়েছে। আসামিরা প্রভাব খাটিয়ে টাকা খরচ করে প্রতিবেদন পরিবর্তন করেছে। আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।’
হ্যাপি আক্তারের মা মুক্তা বেগম বলেন, ‘ওদের যেখানে নিয়ে অত্যাচার করা হয়েছিল, সেখানে একটি মাদুর পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ এই আলামত পুলিশ সংগ্রহ করেনি। শুরু থেকেই পুলিশ চেয়েছিল ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে। সেভাবেই ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন গতকাল বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন আমাদের হাতে পৌঁছায়নি। প্রতিবেদন না দেখে এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। প্রতিবেদন হাতে পেয়ে আদালতে উপস্থাপন করার পরে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।’
এ ঘটনায় করা মামলায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন।

আরও পড়ুন