ময়নাতদন্তে শামারুখের মৃত্যু 'আত্মহত্যাজনিত'

চিকিৎসক শামারুখ মাহজাবিনের মৃত্যু ‘আত্মহত্যাজনিত’। আজ রোববার ধানমন্ডি থানায় পাঠানো ময়নাতদন্তের প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। শামারুখের বাবা ময়নাতদন্তের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন।
ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও শামারুখের ময়নাতদন্তকারী সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, শামারুখের মৃত্যু আত্মহত্যাজনিত। ডিএমসির হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষাগার থেকে পাওয়া প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হয়েছেন তাঁরা।
সোহেল মাহমুদ বলেন, ময়নাতদন্তের পর শামারুখের ঘাড়ের কোষ (নেক টিস্যু) সংগ্রহ করে তা পরীক্ষার ডিএমসির হিস্টোপ্যাথলজিক্যাল পরীক্ষাগারে পাঠানো হয়। আজ বেলা সাড়ে তিনটার দিকে ময়নাতদন্তের প্রতিবেদন ধানমন্ডি থানায় পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম ময়নাতদন্তের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, যশোর-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী প্রভাব খাটিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন তাঁদের পক্ষে নিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাল্টে দেওয়ার আশঙ্কায় গত ১০ দিনে তাঁরা রাজধানী ও যশোরে মানববন্ধনসহ ১০টিরও বেশি কর্মসূচি করেছেন। তাঁরা অভিযোগ করেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাল্টে দেওয়ার জন্য বিশাল অঙ্কের অর্থের লেনদেন হয়েছে।
নুরুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি ‘হত্যা’ সন্দেহ করে এবং হত্যা মামলা গ্রহণ করে। কিন্তু হত্যা মামলাটি যারা ‘আত্মহত্যা’র মামলায় রূপান্তর করেছে সেই ময়নাতদন্তকারীর ওপর তাঁদের বিন্দুমাত্র আস্থা নেই। তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা হলে তাঁর গলার চামড়ায় বসে যাওয়া একটি দাগ হবে। কিন্তু শামারুখের গলার দুপাশে গলা টিপে ধরার হাতের ছাপ আছে। তিনি ‘হত্যাকাণ্ডের’ সুষ্ঠু বিচার দাবি করেন।
ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সূত্র জানায়, বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর ধানমন্ডি থানার কনস্টেবল হুমায়ুন কবির ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণ করেন। সেই প্রতিবেদন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকের কাছে পোঁছে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাত ১০টার দিকে আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়েছি। এখন হত্যা মামলাটি ৩০২ ধারার বদলে ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) রূপান্তর হবে। সে অনুযায়ী মামলার তদন্ত হবে।’
১৪ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ডা. শামারুখের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে শ্বশুর খান টিপু সুলতানের বাসায় চিকিৎসক শামারুখ মাহজাবিনের রহস্যজনক মৃত্যু হয়। ওই দিন রাতে শামারুখের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে খান টিপু সুলতান, তাঁর স্ত্রী অধ্যাপক জেসমিন আরা ও তাঁদের ছেলে হুমায়ুন সুলতানকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এই মামলায় গ্রেপ্তার হওয়া শামারুখের স্বামী হুমায়ুন সুলতান কারাগারে আছেন। আর খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী আগাম জামিনে রয়েছেন।
শামারুখ ২০১৩ সালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। সম্প্রতি ওই প্রতিষ্ঠান থেকে তিনি ইন্টার্নশিপ শেষ করেন।