ময়নাতদন্তের জন্য কবর থেকে গৃহকর্মীর লাশ উত্তোলন
ময়নাতদন্তের জন্য দাফনের ২০ দিন পর গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের বাগানবাজার এলাকা থেকে শিরিন আকতার (২৯) নামের এক গৃহকর্মীর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
লাশ উত্তোলনের সময় ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেজামুল হায়দার উপস্থিত ছিলেন।
স্বামী পরিত্যক্তা শিরিন আকতার উপজেলার ১ নম্বর বাগানবাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
শিরিন আকতারের পরিবারের অভিযোগ, গত ২৭ অক্টোবর চেয়ারম্যানের বাড়িতে থাকা অবস্থায় শিরিনকে নির্যাতন করে হত্যা করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দিয়ে লাশ দাফন করা হয়।
এ ঘটনায় শিরিন আকতারের বাবা মো. আকবর হোসেন চেয়ারম্যান ও তাঁর ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে গত ৩ নভেম্বর চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেজামুল হায়দার বলেন, আদালতের নির্দেশে শিরিনের লাশ উত্তালন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।