কুমিল্লায় বাসে পেট্রলবোমা হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের চকরিয়ার দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কাল বৃহস্পতিবার কবর থেকে তোলা হবে।
গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে বাসের আট যাত্রী নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে আবু তাহের, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ রাশেদুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, ঘটনার পর চকরিয়ার আবু তাহেরের লাশের ময়নাতদন্ত করা হয়। ওই সময় অন্য সাতজনের লাশ মানবিক বিবেচনায় পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে মামলার তদন্তের স্বার্থে এখন ওই সাতজনের লাশের ময়নাতদন্ত করা প্রয়োজন। তিনি বলেন, দাফন করা সাত ব্যক্তির লাশের ময়নাতদন্ত করতে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করা হয়। আদালত গত ২ সেপ্টেম্বর কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, কবর থেকে লাশ তোলার আদেশ থানায় এসেছে।
হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার বলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলামের উপস্থিতিতে বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবর থেকে মোহাম্মদ ইউছুফ ও রাশেদুল ইসলামের লাশ তোলা হবে।