ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় নিহত ওয়াসিমের লাশ এক বছর পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের উপস্থিতিতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দক্ষিণ গজারিয়া গ্রামের কবর থেকে পুলিশ লাশ তুলে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের নজর আলী খানের ছেলে আবদুর রহমান খান ওরফে ওয়াসিম (৩৮) ঢাকার কাপ্তান বাজারে পাখি বিক্রির ব্যবসা করতেন। ব্যবসার কাজে গিয়েছিলেন কক্সবাজার, গত বছর ২ ফেব্রুয়ারি রাতে ঢাকায় ফিরছিলেন। ওই রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে প্রাণ হারানো সাত যাত্রীর মধ্যে তিনি অন্যতম।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করে। ওই সময় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা লাশের ময়নাতদন্ত করার জন্য আদালতে আবেদন করেন। গত বছরের ২ সেপ্টেম্বর কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন।
লাশ তোলার সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সগির হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা মো. ইব্রাহীম ও নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত করিম।
ওয়াসিমের স্ত্রী কোহিনুর বেগম বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া টাকায় আমাদের সংসার চলছে। ওই টাকায় চলতে অনেক কষ্ট হচ্ছে। টাকার অভাবে এক সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আমাকে যারা বিধবা ও আমার সন্তানদের পিতৃহারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম বলেন, ওই সময় ময়নাতদন্ত না হওয়ায় এখন করা হচ্ছে। আদালতের অনুমতি নিয়ে লাশ উত্তোলন করা হয়েছে।