ময়নাতদন্তের জন্য ১২ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দাফনের ১২ দিন পর গতকাল মঙ্গলবার মুন্নী খাতুন (২০) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
নিহত মুন্নী খাতুনের বাবার বাড়ি শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা গ্রামে। এক বছর আগে একই উপজেলার কদমতলা গ্রামের শিমুল গাজীর সঙ্গে তাঁর বিয়ে হয়। শ্বশুরবাড়িতে মৃত্যুর পর ২৮ জুলাই মুন্নী খাতুনকে দাফন করা হয়।
মুন্নীর মা নাছিমা খাতুন মেয়েকে হত্যার অভিযোগ এনে ১ আগস্ট আদালতে মামলা করেন। এতে আসামি করা হয় মুন্নীর স্বামী শিমুল গাজী, শ্বশুর ফরিদউদ্দীন গাজী ও শাশুড়ি মাফুজা বেগমকে। পাশাপাশি লাশের ময়নাতদন্তের আবেদন জানান তিনি। ৪ আগস্ট সাতক্ষীরার অতিরিক্ত বিচারিক হাকিম মহিবুল হাসান লাশের ময়নাতদন্তের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গতকাল সহকারী কমিশনার (ভূমি) আহছানুল্লাহ শরাফীর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
নাছিমা খাতুন গতকাল বলেন, ‘মুন্নীর শরীরে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু শ্যামনগর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম মুন্নীর বাবা মো. সিদ্দিকুল ইসলামের কাছ থেকে ১৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে একটি অপমৃত্যুর মামলা করেন। পাশাপাশি ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।’