সোমা আক্তারের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন ২০ মার্চ আদালতে দাখিল করতে ঢাকা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত ওই মৃত্যুর ঘটনায় সালিসে অংশ নেওয়ার অভিযোগ থেকে ছয় ব্যক্তিকে অব্যাহতি দিয়েছেন। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। গত ১৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘হত্যাকাণ্ডের শাস্তি পাঁচ লাখ টাকা জরিমানা!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ। প্রাথমিক শুনানির পর আদালত ব্যাখ্যা জানাতে কুমিল্লার মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শককে (তদন্ত) ২৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন। পাশাপাশি সালিসে অংশ নেওয়া ছয় ব্যক্তিকেও হাজির হতে বলা হয়। তাঁরা হলেন—আবদুর রউফ, শাহাদাত হোসেন, গাজী আবু তালেব, ইসমাইল হোসেন, মজিবুর রহমান ও আবু সিদ্দিক। ধার্য তারিখে তাঁদের পক্ষে আইনজীবী মুশফিকুর রহমান সময় চেয়ে বলেন, সেখানে সালিস হয়নি। গত ২৩ ফেব্রুয়ারি আদালত ওই ঘটনায় সালিস হয়েছে কি না, তা তদন্তের নির্দেশ দেন। এ ছাড়া সংশ্লিষ্ট ধারায় পুলিশকে মামলা করতেও বলা হয়। নিহতের বাবাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে ৪ মার্চ শুনানির দিন ধার্য করেন আদালত। এ নির্দেশনা অনুসারে সংশ্লিস্ট ব্যক্তিরা গতকাল আদালতে হাজির হন। আদালতে তাঁদের পক্ষে আইনজীবী মুশফিকুর রহমান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন। এ ছাড়া আইনজীবী শেখ আলী আহমেদ শুনানি করেন। পরে এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকা রেঞ্জের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক তদন্ত প্রতিবেদনে বলেছেন, সেখানে সালিসের ঘটনা ঘটেনি। আদালত ছয়জনকে অব্যাহতি দিয়েছেন। আলী আহমেদ খোকন বলেন, আদালত ভবিষ্যতে সালিসসংক্রান্ত বিষয়ে জড়িত না হতে সতর্ক করে দিয়ে ছয়জনকে অব্যাহতি দিয়েছেন।