ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের হীরকজয়ন্তী
স্মৃতিচারণা, আলোচনা সভা, কোলাকুলি আর সংগীতের মধ্য দিয়ে গত শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ময়নামতি উচ্চবিদ্যালয় ও কলেজের হীরকজয়ন্তী পালিত হয়েছে। দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ প্রাঙ্গণে।হীরকজয়ন্তী অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল মতিন খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, বুড়িচং উপজেলার চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও কলেজের অধ্যক্ষ মীর এ কে ফজলুল হক।দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাংসদ ও বরেণ্য শিল্পী মমতাজ বেগম।বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ১৯৬০ সালে এ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান ১৯৫৪ সালে ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জাফর সালেহ আহমেদ খন্দকার ১৯৬৯ সালে এ বিদ্যালয় থেকে পাস করেন। শুক্রবার সকালে তাঁরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন। প্রবীণদের পেয়ে নবীনেরা খুশি হন। ভাগাভাগি করে নেন সব আনন্দ।