ময়নামতীর সিল্ক ফাউন্ডেশনে রেশম প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতীতে অবস্থিত বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন রেশম বোর্ডের সদস্যরা। গতকাল রোববার বেলা ১২টায় প্রতিনিধিদল ময়নামতী এসে পৌঁছান। ওই সময়ে তাঁরা সিল্ক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত রেশম প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন।প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ রেশম বোর্ডের সদস্য মনোরঞ্জন সিং, সৈয়দ আক্তারুল আলম, ইয়াছিন আলী শাহ, মঞ্জুর ফারুক চৌধুরী, বাংলাদেশ রেশমশিল্প মালিক সমিতির সভাপতি মো. আবু সেলিম ও সচিব ফজলুল হক এবং বোর্ডের সহকারী পরিচালক লুৎফুর রহমান। এ সময় সিল্ক ফাউন্ডেশন ঢাকার ব্যবস্থাপক নাসির উদ্দিন এবং কুমিল্লার সহব্যবস্থাপক আবদুল মালেক উপস্থিত ছিলেন।মনোরঞ্জন সিং প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী তুঁতগাছের বাগানে বরইগাছ লাগানোর কথা নয়। কিন্তু এখানে ওই কাজ করা হয়েছে। তা ছাড়া এখানকার ব্যবস্থাপনায় কিছু ত্রুটি লক্ষ করা গেছে। গাছের পরিচর্যা নিয়েও প্রশ্ন রয়েছে। আমরা বোর্ডকে এ ব্যাপারে জানাবো।’