ময়নার লোভ দেখিয়ে অপহরণের পর স্কুলছাত্র হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্কুলছাত্র সাকিবুল হাসানকে ময়না পাখি দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করার পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি গত শুক্রবার কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার সময় এসব কথা বলেছেন।
আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া ওই দুই ব্যক্তি হলেন পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের সোহাগ মিয়া (৩৫) ও ডালিম মিয়া (৩০)। জবানবন্দিতে ওই দুই আসামি বলেন, সাকিবুল হাসানের (১০) ময়না পাখি বেশ পছন্দ। ময়না পাখির লোভ দেখালে সে তাঁদের কাছে আসত। কয়েক দিন আগে টাকার প্রয়োজন হয়। তখনই সাকিবুলকে অপহরণের পরিকল্পনা করা হয়। গত মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে ময়না পাখি দেওয়া কথা বলে সাকিবুলকে তাঁরা একটি পিকআপে উঠিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিয়ে যান। রাত নয়টার দিকে হোসেনপুরের একটি সেতুর কাছে নিয়ে তাঁরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর সাকিবুলের মায়ের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাকিবুল পাকুন্দিয়ার চরকাওনা গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সে চারকাওনা আবদুল আওয়াল মেমোরিয়াল কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী দাবি করেন, অপহরণে নেতৃত্ব দিয়েছেন ডালিম। তবে হত্যাকাণ্ডে তাঁদের সঙ্গে আরও কয়েকজন ছিল। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।