ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ১১৫ মেগাওয়াট
ময়মনসিংহ বিভাগের চার জেলায় বর্তমানে ১১৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় গ্যাসের চাপের ওপর নির্ভর করে এ ঘাটতির পরিমাণ ওঠানামা করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ কেন্দ্রীয় অঞ্চল ময়মনসিংহ সূত্রে এ তথ্য জানা গেছে।
পিডিবির কেন্দ্রীয় বিতরণ অঞ্চল ময়মনসিংহেরপ্রধান প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলায় মোট বিদ্যুতের চাহিদা ৪৭৭ মেগাওয়াট। বিভাগটিতে আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ১৫৫, জামালপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ৯৭ এবং ময়মনসিংহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গড়ে ১১০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। এ কারণে বিভাগটিতে ১১৫ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কম থাকায় পর্যায়ক্রমে ওই চার জেলায় লোডশেডিং হচ্ছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এ লোডশেডিং চলে। আসছে রমজান মাসে বিদ্যুতের চাহিদা বাড়বে বলে লোডশেডিং বাড়ার আশঙ্কা রয়েছে। তবে এ ঘাটতি পূরণের জন্য টাঙ্গাইল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলার জন্য ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ময়মনসিংহ শহরে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকলেও উপজেলা শহর ও গ্রামাঞ্চলে তা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর অধীন ফুলপুর, তারাকান্দা, ধোবাউড়া, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলায় লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগগুলোয় ২৪ ঘণ্টায় ১২ ঘণ্টার বেশি লোডশেডিং চলছে।
পিডিবির কেন্দ্রীয় বিতরণ অঞ্চল ময়মনসিংহের প্রধান প্রকৌশলী মো. ফখরুজ্জামান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, গ্রীষ্মকালে সন্ধ্যার সময় বিদ্যুতের চাহিদা অতিমাত্রায় বেড়ে যাওয়ায় সম্প্রতি লোডশেডিং চলছে। তবে উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাসের চাপ স্বাভাবিক থাকলে উৎপাদন বাড়ে। তখন লোডশেডিং কম হয়। রমজানে টাঙ্গাইল গ্রিড থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করে ময়মনসিংহ বিভাগে লোডশেডিং সহনীয় মাত্রায় রাখা হবে।