ময়মনসিংহ অঞ্চলের ভাষা প্রতিযোগ শুরু

ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের ভাষা প্রতিযোগের আনুষ্ঠানিকতা শুরু হয়। অতিথিরা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। আর ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন অধ্যাপক মাহবুবুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান এবং সহযোগী অধ্যাপক ও এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর।
অনুষ্ঠানে নাছিমা আক্তার বাংলা ভাষার মর্যাদার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি সম্মান জানান। সেই ভাষার মর্যাদা রক্ষার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আজকের এই ভাষা প্রতিযোগে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, জামালপুর ও কিশোরগঞ্জের এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।