ময়মনসিংহ অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ময়মন-সিংহ অঞ্চলের প্রতিযোগিতা আজ শনিবার ময়মনসিংহ জিলা স্কুলে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল সাড়ে আটটায়। এর মধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি শেষ হয়েছে।ময়মনসিংহ অঞ্চলের প্রতিযোগিতায় নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. কাজী ইউনুছ ফারুকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ভাষা প্রতিযোগে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারেক রেজা, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর। ভাষা প্রতিযোগে সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা।