ময়মনসিংহ আন্তজেলা বাস টার্মিনালে তীব্র জট, অসহনীয় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ আন্তজেলা বাস টার্মিনাল ও এর চার পাশের সড়কে তীব্র যানজট শুরু হয়েছে। এতে আটকা পড়ে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর ও নেত্রকোনার যাত্রীরা। সরেজমিনে গতকাল বুধবার দেখা যায়, বাস টার্মিনাল ও ময়মনসিংহ-ঢাকা বাইপাস সড়কে দীর্ঘ যানজট। ঢাকা থেকে ময়মনসিংহ ও ময়মনসিংহ ভায়া বিভিন্ন পথের যাত্রীবাহী বাস তিন-চার কিলোমিটার সড়কজুড়ে দাঁড়িয়ে আছে। দুঃসহ অবস্থার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে যাত্রীরা। তাদের একজন যাত্রী আল হালিম। তিনি ঢাকা থেকে ফুলপুরের তারাকান্দা যাওয়ার জন্য মহাখালী থেকে সকাল সাতটায় বাসে ওঠেন। বেলা তিনটা পর্যন্ত ময়মনসিংহ ব্রিজ মোড়ে আটকে ছিলেন তিনি। ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ঈদে বাসগুলো সময় মেনে না ছাড়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়া ও ময়মনসিংহ পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতাদের নিয়ে বৈঠক হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে এই বাস টার্মিনালে ১০ জন কমিউনিটি পুলিশ ও সমিতির পক্ষ থেকে অতিরিক্ত লোক কাজ শুরু করবেন।