ময়মনসিংহ উন্নয়ন পরিষদ ময়মনসিংহের ট্রেন-যাত্রীদের সুবিধার্থে আসনসংখ্যা ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং ১০ দিনের পরিবর্তে অগ্রিম টিকিট দুই দিন আগে বিক্রিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট বরাবর স্মারকলিপি দিয়েছে।গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ রেলস্টেশন পরিদর্শনে এলে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. বেলাল উদ্দিনের হাতে এই স্মারকলিপি তুলে দেন ময়মনসিংহ উন্নয়ন পরিষদের আহ্বায়ক স্বপন সরকার। এ সময় উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খান নীলু, অ্যাডভোকেট সাদিক হোসেন, সদস্যসচিব এহতেশামূল আলম, শহীদুল আলম স্বপন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আবুল কালাম আজাদ জানান, প্রতিদিন জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রেলপথে চলাচলকারী চারটি আন্তনগর ট্রেনে কেবল ৩৬৫টি আসনের টিকিট ময়মনসিংহ স্টেশন থেকে বিক্রি করা হতো। এখন দুটি ট্রেনে আরও দুটি বগি সংযোজন হওয়ায় ময়মনসিংহের যাত্রীদের জন্য প্রতিদিন আরও ১২৮টি আসন বৃদ্ধি পেল।