ময়মনসিংহ ও ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ময়মনসিংহ সদর উপজেলার বেলতলী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল রোববার ট্রাকের চাপায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক স্কুলছাত্রী। ময়মনসিংহে নিহত ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলা সদরের শামছুল ইসলাম (৬৫), আবদুল হেকিম (৭০) ও গোলাম মোস্তফা (৬০) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি। তাঁরা হজে যাওয়ার প্রস্তুতি হিসেবে পাসপোর্ট করতে ভালুকা থেকে লেগুনায় চরে ময়মনসিংহে যাচ্ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে বেলতলী এলাকার মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল হেকিম ও গোলাম মোস্তফা মারা যান। গুরুতর আহত আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামছুল ইসলাম ও অজ্ঞাত পরিচয় একজন মারা যান। সকালে ঘাটাইল উপজেলার হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সঞ্চৃতি (৯) নামের এক শিশু মারা গেছে। স্মৃতি খায়েরপাড়া গ্রামের হুরমুজ আলীর মেয়ে। সে খায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সঞ্চৃতি নানির সঙ্গে একই উপজেলার হরিপুর গ্রামে নানার বাড়ি যাচ্ছিল।