ময়মনসিংহ ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ময়মনসিংহের ভালুকায় গত মঙ্গল ও বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হন। পঞ্চগড়ে গতকাল বৃহস্পতিবার বাসের চাপায় এক গৃহবধূ নিহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর;ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হাজির বাজারের ডায়নামিক টেক্সটাইল মিলের সামনে গত বুধবার একটি যাত্রীবাহী বাস ও একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পু আরোহী হাজির বাজার এলাকার হাসেন আলী (৪৮) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাদশা মিয়া (৪০) নিহত হন। গত মঙ্গলবার একই মহাসড়কের নিশিন্দা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ময়মনসিংহ সদরের ভাটিকাশর এলাকার রুবেল (২২) নিহত হন। একই দিন ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামে একটি ট্রাকের চাপায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চৈতা গ্রামের খাইরুল (৩০) নিহত হন।পঞ্চগড়: পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের তেলিপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বাসের চাপায় সাবিনা ইয়াসমিন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার তেলিপাড়া গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। বাসটি পঞ্চগড় থানায় আটক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে।