ময়মনসিংহ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ময়মনসিংহ ও বাগেরহাট সদর উপজেলায় আজ শুক্রবার সকালে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলিতে বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক সদর উপজেলার মো. আরিফ (২৮), ত্রিশাল উপজেলার সাঈদ হাসান (৪২), আতিকুর রহমান (২২) ও মো. সেলিম মিয়া (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন প্রথম আলোকে জানান, ওই মহাসড়কে ভোর সাড়ে ছয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুজন নিহত হন।
আহত হন অটোরিকশায় থাকা আরও চার যাত্রী। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার ভট্টেরখামারে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
নিহত ব্যক্তির নাম জাকির গাজী (৪০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা-মংলা মহাসড়কের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরাজী প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে মহাসড়কের ভট্টেরখামার এলাকায় একটি মোটরসাইকেল রাস্তার পাশে একটি গাছে গিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে। এতে মোটরসাইকেলের চালক জাকির গাজী ঘটনাস্থলে মারা যান। অপর দুই আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।