ময়মনসিংহ ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ময়মনসিংহের ভালুকা ও মেহেরপুরের গাংনীতে আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।
ময়মনসিংহে নিহত দুজন হলেন রাজধানীর রায়েরবাজার এলাকার বাসিন্দা হোসাইন শহীদ সিদ্দিকী (৩৪) ও লালবাগ এলাকার বাসিন্দা আলী হোসেন (৩০)। আর মেহেরপুরে নিহত ব্যক্তি হলেন গাংনী উপজেলার পীরতলা গ্রামের গোলাম মোস্তফা (৩৭)।
আমাদের প্রতিনিধি ও কার্যালয় থেকে পাঠানো খবর
ময়মনসিংহ: ভালুকা উপজেলার মেহেরবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুপুর ১২টার দিকে একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ১৫ ফুট নিচে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই গাড়ির চার যাত্রীকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হোসাইন শহীদ ও আলী হোসেন সেখানে মারা যান। আহত রাজীব ও সজীবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, হতাহত ব্যক্তিরা স্বজন।
মেহেরপুর: পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে ১৪-১৫ জন মিলে নছিমনে করে মুজিবনগরে যাচ্ছিলেন। দুপুরের দিকে মদনাডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক গোলাম মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।