ময়মনসিংহ ও রংপুরে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো রংপুর বন্ধুসভার আয়োজনে গতকাল সোমবার থেকে শহরের টাউন হল চত্বরে সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। একই দিন প্রথমা প্রকাশনের বই নিয়ে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে সাত দিনব্যাপী মেলা উদ্বোধন করা হয়েছে।
রংপুরে গতকাল বিকেল চারটার দিকে কারমাইকেল কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাহ আলম বইমেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান। মেলায় প্রথমাসহ বিভিন্ন প্রকাশনীর বই রয়েছে। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
এদিকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ময়মনসিংহে বইমেলা শুরু হয়েছে। ময়মনসিংহ পৌরসভার সহযোগিতায় ময়মনসিংহ বন্ধুসভা এর আয়োজন করেছে।
গতকাল বিকেলে সাড়ে চারটার দিকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। ২১ ফেব্রুয়ারি মেলা শেষ হবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও সব বয়সী পাঠকদের উপযোগী অন্যান্য প্রকাশনীর বইও পাওয়া যাবে। মেলা আয়োজনের অনুমতি দেওয়ায় পৌরসভার মেয়র ইকরামুল হককে ধন্যবাদ জানিয়েছেন বন্ধুসভার বন্ধুরা।