ময়মনসিংহ ও শেরপুরে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প
ময়মনসিংহ ও শেরপুর জেলার চারটি উপজেলায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়নে ইতালি সরকার আর্থিক সহযোগিতা দিচ্ছে। এতে কারিগরি সহায়তা দেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।গতকাল সোমবার ‘খাদ্য উৎপাদন বৃদ্ধি ও শস্য বাজারজাতকরণের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ’ শীর্ষক এই প্রকল্প বাস্তবায়নে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালা ওচ্চি এবং এফএওর আবাসিক প্রতিনিধি এড স্পাইকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মিলনায়তনে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।চার বছর মেয়াদি এই প্রকল্পটি আগামী বছরের শুরুতে বাস্তবায়ন করা হবে। এতে ইতালি সরকার ২১ কোটি টাকা অনুদান হিসেবে দিচ্ছে। প্রকল্পটির মূল সমন্বয়কারী কৃষি কর্মকর্তা মো. মহসিন বলেন, ময়মনসিংহ ও শেরপুরের চারটি উপজেলার ৪৮টি গ্রামের কৃষককে শস্য উৎপাদন ও বাজারজাত করায় সহযোগিতা দিলে এই অঞ্চলগুলোয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। এর আগে ‘খাদ্য নিরাপত্তা অর্জনে বিশেষ প্রকল্প’র আওতায় সুফল পাওয়া গেছে। সেই সূত্র ধরেই আরও টেকসই উন্নয়নের দিকে নজর দেওয়া হচ্ছে।এড স্পাইকার চুক্তি স্বাক্ষরের পর বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জরুরি ভিত্তিতে যাদের জন্য এই নিরাপত্তা প্রয়োজন তাদের সেবা দিতে অন্যান্য উন্নয়ন-সহযোগীর সঙ্গে এফএও সরকারকে সহযোগিতা করবে।কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন এই প্রকল্পে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতীসহ ধোবাউড়া এবং নালিতাবাড়ীর কৃষকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।