ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সংস্কারে শ্রমিক লীগ নেতার বাধা!
গুরুত্বপূর্ণ ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটির নান্দাইল অংশের ৫০০ মিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজে স্থানীয় উপজেলা শ্রমিক লীগ নেতার নির্দেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কটিতে গতকাল মঙ্গলবার সকালে কাজ শুরুর সময় শ্রমিক লীগ নেতা মো. আসাদুজ্জামানের ভাড়াটে লোকজন কর্মরত ব্যক্তিদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর মা আনোয়ারা খাতুন (৬০) ও ছোট ভাই মনিরুজ্জামানকে (২৭) আটক করে থানায় নিয়ে যায়।স্থানীয় প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আসাদুজ্জামানের পরিবারের বাধার মুখে গত দেড় মাসের বেশি সময় ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এর মধ্যে এ সড়কে যানবাহন চলাচল কয়েক দফা বন্ধও থাকে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২-এর আওতায় নান্দাইল থেকে কিশোরগঞ্জের দিকে ১৫ দশমিক শূন্য ৮ কিলোমিটার সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজটি শুরু হয়। ২০০৮ সালের ২৫ জুন কার্যাদেশ পেয়ে চীনের জিইও ইঞ্জিনিয়ারিং কোম্পানি কাজ শুরু করে। এ কাজ গত বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এডিবি চলতি বছরের জুন মাস পর্যন্ত কাজের সময় বর্ধিত করে।প্রকল্পের কোয়ালিটি সার্ভেয়ার (কিউএস) মো. আশরাফ আলী জানান, সোমবার বিকেলে আসাদুজ্জামানের বাবা শামসুদ্দিন লোকজন নিয়ে একদফা বাধা দিয়ে তাঁদের কাজ বন্ধ করে দেন। গতকাল সকালে আবার কাজ শুরু করতে গেলে শতাধিক নারী-পুরুষ তাঁদের ওপর হামলা চালান।আবাসিক প্রকৌশলী (আরই) মো. শাহজাহান বলেন, হামলাকারীদের ইটের আঘাতে তাঁদের এক্সকেভেটর ও ডাম্প ট্রাকের উইনশিল্ড ভেঙে গেছে।শ্রমিক লীগ নেতা আসাদুজ্জামান বলেন, ‘তাঁর ব্যক্তিগত জমি ও পুকুর ভরাট করতে চাইছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ জন্য তিনি তাঁদের বাধা দিয়েছেন। তিনি দাবি করেন, ১৯৬৩-৬৪ সালে যেসব দাগ ও খতিয়ানের জমি সরকার অধিগ্রহণ করেছে, তার ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। তিনি দলীয় প্রভাব খাটানোর কথা অস্বীকার করে বলেন, সরকার নিজস্ব জমির ওপর দিয়ে সড়ক নির্মাণ করুক। আমাদের জমিতে আসছে কেন।’সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২-এর ব্যবস্থাপক (পিএম) নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হক বলেন, কারও ব্যক্তিগত জায়গা তাঁরা দখল করেননি। কেবল লাঠির জোরে এ কাজে বাধা দেওয়া হচ্ছে।