ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নারী হাজতির আত্মহত্যা
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সালেমা খাতুন (৩৫) নামের এক নারী হাজতি টয়লেটে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটার পর বিকেলে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সালেমা খাতুন ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের আবদুল কুদ্দুছের মেয়ে। কারাগার সূত্রে জানা গেছে, গত রোববার স্বামীর করা মামলায় হাজতি হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আসেন ঈশ্বরগঞ্জের কাকনহাটি গ্রামের সালেমা খাতুন। তাঁকে কারাগারের মহিলা ওয়ার্ডে রাখা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সালেমা খাতুন টয়লেটে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। টয়লেটের খোলা দরজা দিয়ে অন্য নারী বন্দীরা বিষয়টি দেখতে পেয়ে কারা কর্তৃপক্ষকে খবর দেন। পরে কারা কর্তৃপক্ষ তাঁর লাশ উদ্ধার করে। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, সালেমার স্বামীর করা মামলায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।