ময়মনসিংহজুড়ে আনন্দ-উল্লাস
সিটি করপোরেশন করায় ময়মনসিংহজুড়ে চলছে আনন্দ–উল্লাস। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিটি করপোরেশন হওয়ার খবর সংবাদমাধ্যমে প্রচারের পরপরই ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে যাঁর যাঁর অবস্থান থেকে আনন্দ প্রকাশ করতে দেখে যায়।
সিটি করপোরেশন অনুমোদনের খবরটি জানার পরই ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হকের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলে ময়মনসিংহ পৌরসভার বর্তমান কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ যোগ দেয়। মিছিল থেকে ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
মিছিলটি ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একে অপরকে মিষ্টি খাওয়ান। একই সময়ে ময়মনসিংহ শহরের শিববাড়ি সড়কের আওয়ামী লীগ কার্যালয় থেকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আরও একটি আনন্দ মিছিল বের হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে ময়মনসিংহ সিটি করপোরেশন হওয়ায় আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক বলেন, ‘ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বিভাগ করার। সেটি পূরণ হয়েছে দুই বছরে আগে। নতুন করে সিটি করপোরেশন অনুমোদন পাওয়ায় ময়মনসিংহবাসী উচ্ছ্বসিত। সিটি করপোরেশনের ফলে মানুষের নাগরিক সুবিধা বাড়বে বলে আমি আশাবাদী।’