ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত রাজনগরে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ ঘোষণা দেয়। গতকাল বুধবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার সব কমিটির কার্যক্রম স্থগিত করে জেলা কমিটি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ময়মনসিংহ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহীদের ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এরপর কমিটি ঘোষণা করা হবে।
জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩১ মে এক বছর মেয়াদি নয় সদস্যের কমিটির অনুমোদন দেয় তৎকালীন কেন্দ্রীয় কমিটি। কমিটি গঠনের পর থেকেই সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলামের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। জেলা আওয়ামী লীগের রাজনীতির মেরুকরণের কারণে ছাত্রলীগের ওই দুই নেতার মধ্যে শুরু থেকেই দূরত্ব সৃষ্টি হয়।
বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বলেন, ‘কমিটি বাতিল হওয়ায় অনেক কর্মীই ক্ষুব্ধ। আমি তাঁদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছি।’ সভাপতির সঙ্গে সমন্বয়হীনতার প্রসঙ্গে তিনি বলেন, ‘সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে ছাত্রলীগের ভেতরের কোনো বিষয় নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। তবে অন্য কোনো কিছুর প্রভাবে কিছুটা দূরত্ব ছিল।’ এ ব্যাপারে কথা বলার জন্য জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রলীগের সব ইউনিটের কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের স্বার্থরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।