ময়মনসিংহ জেলা বিএনপির নেতা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল আলম আকন্দ (৪২) নিখোঁজ হয়েছেন। তিন দিন ধরে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।এ ব্যাপারে রবিউল আলমের স্ত্রী সাবিনা ইয়াসমিন শুক্রবার রাতে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাবিনা ইয়াসমিন জানান, রবিউল শুক্রবার সকালে বাজার করার উদ্দেশে শহরের বাগানবাড়ি এলাকার বাসা থেকে বের হন। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তিনি বাসায় ফেরেননি। তাঁর সঙ্গে থাকা মুঠোফোনটিও বন্ধ রয়েছে। তাঁদের এক ছেলে ও ছয় মাস বয়সের যমজ দুটি মেয়ে রয়েছে।রবিউল আলমের চাচা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘পুলিশ কর্মকর্তারা রবিউলকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন। আমরা তাঁদের কথায় আস্থা রাখছি। তবে তাঁকে দ্রুত খুঁজে বের করার দাবি জানাচ্ছি।’স্থানীয় সাংসদ মতিউর রহমান, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র ইকরামুল হক গতকাল রবিউলের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান।এ সময় মঈনুল হক জানান, রবিউল আলমের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। তাঁকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চলছে।