ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগে সমিতির সাবেক নেতাদের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে সমিতি। গতকাল বুধবার এ সংবাদ সম্মেলন করা হয়। গত ২৭ জুলাই সমিতির সাবেক নেতারা ওই সংবাদ সম্মেলন করেছিলেন।গতকাল শহরের জুবলীঘাটে মোটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ও মহাসচিব রবিউল হোসেন লিখিতভাবে তাঁদের বক্তব্য তুলে ধরেন। লিখিত বক্তব্যে সভাপতি ও মহাসচিব বলেন, সাবেক নেতাদের অভিযোগ মিথ্যা। কোনো টার্মিনাল থেকেই সরকার ও মালিক-নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে চাঁদা নেওয়া হচ্ছে না। তবে সম্প্রতি অতীতের চিহ্নিত কিছু চাঁদাবাজ আবার তৎপর হয়ে উঠেছে। টাঙ্গাইল জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, বৃহত্তর ময়মনসিংহের বাস টার্মিনালগুলোতে চাঁদাবাজি বন্ধ হলেও রাস্তার চাঁদাবাজি হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মিনিবাস মালিক সমিতির জাহিদুর রহমান খান, কাজী আতিকুর রহমান, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির আবদুল মালেক, নেত্রকোনা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আরিফ খান প্রমুখ।গত ২৭ জুলাই ময়মনসিংহ প্রেসক্লাবে সাধারণ মালিকদের পক্ষে সমিতির সাবেক নেতা সৈয়দ শফিকুল ইসলাম ও আনোয়ারুল আবেদীন সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁরা ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তা বন্ধ এবং নতুন করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।